লং কামিজের টানে তরুণীরা ছুটছেন বিপণিবিতানে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আবার ফিরে এসেছে লং কামিজ। এবারের ঈদে তরুণীদের পছন্দের তালিকায় লং কামিজ নতুন করে জায়গা করে নিয়েছে। এবার প্রায় সব কামিজই একটু লম্বা ধাঁচের। বিক্রেতারা যাকে বলছেন লং কামিজ বা লং ফ্রক। আর এই লং কামিজের টানে ফ্যাশনসচেতন তরুণীরা ছুটছেন নাসিরাবাদে সানমার ওশান সিটিতে। গতকাল মঙ্গলবার দুপুরে সানমার ওশান সিটিতে ঢুকেই টের পাওয়া গেল উৎসবের আমেজ। অভিজাত এই বিপণিবিতানের সাতটি তলার সবগুলোতেই বিভিন্ন বয়সী নারী-পুরুষ ও শিশুর আনাগোনা। পুরোদমে চলছে কেনাকাটাও। বিপণিবিতানটি ঘুরে ও বিক্রেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, এবারও মেয়েদের নতুন ডিজাইনের পোশাকগুলো পরিচিতি পেয়েছে হিন্দি ও কলকাতার বাংলা সিরিয়ালের নায়িকাদের নামে। হাঙ্গামা, দিল ক্যায়া কারে, কলাভেরি, ছাম্মাক চাল্লো, পানকৌড়ি—এমন সব বাহারি নামে লং কামিজ ডিজাইনের এসব পোশাকের দাম সর্বনিম্ন তিন হাজার থেকে সর্বোচ্চ ৩০ হাজার টাকা পর্যন্ত। দেশি কাপড়ে তৈরি লং কামিজের দাম এক হাজার থেকে পাঁচ হাজার টাকা পর্যন্ত। গতকাল দুপুরে মেয়েদের নিয়ে পোশাক কিনতে আসা সানজিদা পারভীন বলেন, ‘এবার প্রায় সব পোশাকই তৈরি হয়েছে লং কামিজের স্টাইলে। আর কয়েক দিন পর মার্কেটগুলোতে ভিড় বেড়ে যাবে। এখন তাই মেয়েদের জন্য লং ফ্রক কিনতেই আসা। নিজের জন্য এখনো কেনা হয়নি।’ মার্কেটে ছেলেদের শার্ট, পাঞ্জাবির দোকানেও দেখা গেল প্রচণ্ড ভিড। জেন্টলম্যান বিক্রয়কেন্দ্রের ব্যবস্থাপক নাজিম উদ্দিন বলেন, ‘ঈদে যতই পাঞ্জাবির চল থাকুক, সারা বছরে পুরুষদের পছন্দ ব্র্যান্ডের ক্যাজুয়াল শার্টের প্রতি। বয়স্ক ব্যক্তিরা ছাড়া তরুণদের সবার ঝোঁক থাকে শর্ট পাঞ্জাবির দিকে। তাই দেশি ও বিদেশি ফেব্রিকসের ওপর এমব্রয়ডারি, কারচুপি করা শর্ট পাঞ্জাবির চাহিদা এবার বেশি।’ ঈদ বিক্রয় উৎসব নিয়ে সানমার ওশান সিটি ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি আসাদ ইফতেখার বলেন, ‘ঈদের কেনাকাটা উপলক্ষে ব্যবসায়ীদের প্রস্তুতি শুরু হয়েছে অনেক আগেই। এখানকার প্রতিটি তলা আলাদা পণ্যসম্ভারে সাজানো। চট্টগ্রামের এটিই প্রথম শপিংমল, যেখানে একই ছাদের নিচে যাবতীয় আধুনিক ও রুচিশীল পণ্যসামগ্রী পাওয়া যায়।’