রাঙামাটির লংগদু উপজেলার সদর ইউনিয়নের দোজরপাড়া থেকে গ্রামবাসী চারজনকে অপহরণের অভিযোগ পাওয়া গেছে। একই এলাকায় গত ১২ মার্চ জনসংহতি সমিতির (এমএন লারমা) রাঙামাটি জেলা শাখার সাংগঠনিক সম্পাদক সুদীর্ঘ চাকমাসহ চার নেতাকে গুলি করে হত্যা করা হয়। ওই ঘটনার জের ধরে অপহরণের ঘটনাটি ঘটতে পারে বলে পুলিশ ধারণা করছে।জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় (সন্তু) লারমার নেতৃত্বাধীন জনসংহতি সমিতি এক সংবাদ বিজ্ঞপ্তিতে অপহরণের ঘটনার জন্য জনসংহতি সমিতিকে (এমএন লারমা) দায়ী করেছে। তবে দলটির পক্ষ থেকে অভিযোগ এ অস্বীকার করা হয়েছে।অপহূত ব্যক্তিরা হলেন সিয়াম্বর চাকমা (৩৮), সুধা শংকর চাকমা (৫৫), কালাসোনা চাকমা (৪২) ও শুভলেন্দু চাকমা (৩২)। একই সময় রূপায়ন্তু চাকমা (৪০) নামের অপর এক ব্যক্তিকে অপহরণের চেষ্টা করা হয় বলে অভিযোগ করা হয়েছে।এর আগে গত ১৬ ফেব্রুয়ারি সন্তু লারমার নেতৃত্বাধীন জনসংহতি সমিতির ৬২ জন নেতা-কর্মী ও সমর্থক রাঙামাটি থেকে ইঞ্জিনচালিত দেশীয় নৌকায় করে লংগদু ও বাঘাইছড়ি যাওয়ার পথে লংগদু উপজেলার কাট্টলি বিল থেকে তাদের অপহরণ করা হয়। তাদের মধ্যে নারী-শিশুসহ ১০ জনকে মুক্তি দেওয়া হয়। বাকি ব্যক্তিরা এখনো মুক্তি পায়নি।পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির তথ্য ও প্রচার বিভাগের বিনয় কুমার ত্রিপুরা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে অভিযোগ করা হয়, গত শনিবার সিয়াম্বর চাকমা মাইনীমুখ বাজার থেকে বাড়ি ফেরার পথে সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে দোজরপাড়া বাজারে পৌঁছালে কয়েকজন সশস্ত্র ব্যক্তি তাঁকে অপহরণ করে। এরপর দলটি সন্ধ্যা সাড়ে সাতটার দিকে দোজরপাড়া এলাকায় গিয়ে সুধা শংকর চাকমা, কালাসোনা চাকমা ও শুভলেন্দু চাকমাকে তাঁদের বাড়ি থেকে অপহরণ করে।এ ছাড়া সোনেই এলাকায় বেড়াতে আসা রূপায়ন্তু চাকমাকে তাঁর শ্বশুরবাড়ি থেকে দিবাগত রাত একটার দিকে অপহরণের চেষ্টা করা হয় বলে অভিযোগ পাওয়া গেছে।লংগদু সদর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সুখময় চাকমা বলেন, ‘ঘটনাটি শুনেছি এবং মুক্তি পাওয়া ব্যক্তিদের সঙ্গে কথা বলেছি।’লংগদু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল হক বলেন, ঘটনা সত্য। মনে হয়, ১২ মার্চের ঘটনার জের ধরে এটি ঘটছে।