লংগদুতে অস্ত্রসহ তিন ব্যক্তি আটক
রাঙামাটির লংগদু উপজেলার আটরকছড়া ইউনিয়নের করল্যাছড়ি মহাজনপাড়া থেকে সোমবার রাতে তিনজনকে আটক করেছে সেনাবাহিনী। তাঁদের কাছ থেকে আটটি গুলিসহ একটি শাটারগান ও ৯৯ হাজার টাকা উদ্ধার করা হয়েছে বলে জানা গেছে।আটক ব্যক্তিরা হলেন খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার উদলবাগান এলাকার রুবেল চাকমা ওরফে জ্ঞান (৩৮), রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার লাইল্যাঘোনা এলাকার কালাবরণ চাকমা (২৮) ও লংগদু উপজেলার করল্যাছড়ি এলাকার নয়ন চাকমা (৪২)। তাঁরা সবাই সন্তু লারমার বিরোধী জনসংহতি সমিতির (এমএন লারমা) সদস্য বলে সেনাসূত্র দাবি করেছে। লংগদু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বেলায়েত হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।যোগাযোগ করা হলে জনসংহতি সমিতির এমএন লারমা পক্ষের রাঙামাটি জেলার সাংগঠনিক সম্পাদক সুদীর্ঘ চাকমা বলেন, ‘সে ধরনের কোনো সশস্ত্র দল আমাদের দলের সঙ্গে জড়িত নয়। বরং কয়েক দিন আগে ওই এলাকায় আমাদের কর্মীদের হত্যা করা হয়েছে।’