রাঙামাটির লংগদুর পাহাড়ি গ্রামে আগুনের ঘটনায় ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের ক্ষতিপূরণসহ বাড়িঘর তৈরি করে দেওয়ার দাবি জানিয়েছেন নাগরিক সমাজের প্রতিনিধিরা। তাঁরা বলেছেন, একমাত্র পার্বত্য চুক্তি বাস্তবায়ন পার্বত্য জেলাগুলোতে পাহাড়িদের অধিকার নিশ্চিত করবে। এ চুক্তি অনুযায়ী সেখান থেকে সব অস্থায়ী সেনা ক্যাম্প প্রত্যাহার করতে হবে।
গতকাল রোববার বেলা ১১টার দিকে জাতীয় জাদুঘরের সামনে এক প্রতিবাদ সমাবেশ থেকে এই দাবি জানানো হয়। লংগদুর পাহাড়ি গ্রামে সাম্প্রদায়িক হামলা ও অগ্নিসংযোগের প্রতিবাদে নাগরিক সমাজের ব্যানারে এই সমাবেশের আয়োজন করা হয়। সমাবেশে তাঁরা বলেন, পাহাড়ি গ্রামে হামলার ঘটনায় রাষ্ট্র্রীয় ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে।
গত শুক্রবার ইউনিয়ন যুবলীগের এক নেতার মৃত্যুর ঘটনায় রাঙামাটির দুর্গম লংগদু উপজেলা সদরের চারটি গ্রামে পাহাড়িদের অন্তত ২০০ বাড়ি পুড়িয়ে দেওয়া হয়। ক্ষতিগ্রস্ত পাহাড়িরা এ ঘটনায় বাঙালিদের দায়ী করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে স্থানীয় প্রশাসন উপজেলা সদর ও আশপাশের এলাকায় ১৪৪ ধারা জারি করে। গত শনিবার তা প্রত্যাহার করা হয়।
প্রতিবাদ সমাবেশে সংহতি জানিয়ে লেখক, কলামিস্ট ও গবেষক সৈয়দ আবুল মকসুদ বলেন, রামুতে যেভাবে প্রশাসন বাড়িঘর নির্মাণ করে দিয়েছে, লংগদুতেও তেমনি ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের বাড়ি তৈরি করে দিতে হবে। তিনি বলেন, ‘সেখানে যে হত্যাকাণ্ড হয়েছে, আমরা তার বিচার চাই, কিন্তু যে হত্যাকাণ্ডকে ঘিরে এই তাণ্ডব করা হলো, তাতে এই রাষ্ট্রের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে। এই অনাচারের আমরা অবসান চাই।’
নাট্যব্যক্তিত্ব মামুনুর রশীদ বলেন, কোনো সভ্য দেশে এমন নৃশংস ঘটনা ঘটতে পারে? আইনের লোকেরা কোথায় ছিল? দুঃখের বিষয়, এই রাষ্ট্রকে কিছুতেই মানবিক করা যাচ্ছে না।
দেশের সরকার নাগরিকদের নিরাপত্তা দিতে বারবার ব্যর্থ হচ্ছে উল্লেখ করেন মানবাধিকারকর্মী খুশী কবির। সমাবেশে সভাপতির বক্তব্যে মানবাধিকারকর্মী নুমান আহম্মেদ খান লংগদুর ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন করার দাবি জানান।
সমাবেশে জাতীয় আদিবাসী পরিষদের সভাপতি রবীন্দ্রনাথ সরেন একটি ধারণাপত্র পাঠ করেন। তিনি পার্বত্য চুক্তি বাস্তবায়ন, ভূমি কমিশন কার্যকর করা, পার্বত্য এলাকা থেকে সব অস্থায়ী সেনাক্যাম্প প্রত্যাহারসহ ছয় দফা দাবি তুলে ধরেন।
সমাবেশে রাঙামাটি থেকে নির্বাচিত সাংসদ উষাতন তালুকদার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মেসবাহ কামাল, বাংলাদেশ আদিবাসী ফোরামের সাধারণ সম্পাদক সঞ্জীব দ্রং, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক রানা দাশগুপ্ত, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির রুহিন হোসেন প্রিন্স, সাবেক তথ্য কমিশনার অধ্যাপক সাদেকা হালিম, অধ্যাপক মুহাম্মদ সামাদ, ন্যায্যতা ও শান্তি কমিশনের থিওফিল নকরেক প্রমুখ বক্তব্য দেন। দুই ঘণ্টাব্যাপী এ প্রতিবাদ সমাবেশে বিভিন্ন রাজনৈতিক, নাট্যব্যক্তিত্ব, নাগরিক সমাজের প্রতিনিধি, ছাত্র ও যুব সংগঠনের নেতা-কর্মীরা সংহতি জানান। প্রতিবাদ সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়।