লংগদুতে আদিবাসী গ্রামে হামলার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাঙামাটির বাঘাইছড়ির পার্শ্ববর্তী লংগদু উপজেলার গুলছখালী ইউনিয়নের শান্তিনগর গ্রামের একজন বাঙালিকে মারধরকে কেন্দ্র করে আদিবাসীদের ওপর হামলার অভিযোগ পাওয়া গেছে। হামলায় দুই আদিবাসী আহত হয়েছেন বলে জানা গেছে।উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুরের দিকে মো. ইমতাজ আলী (৪০) নামে এক বাঙালি জঙ্গলে বাঁশ কাটতে গেলে সন্ত্রাসীদের মুখে পড়েন। পরে তাঁর কাছ থেকে চাঁদা দাবি করা হলে তিনি চাঁদা দিতে অস্বীকৃতি জানান। তাঁকে বাঁশ কাটতে না দিয়ে মারধর করে বাড়িতে পাঠিয়ে দেয় সন্ত্রাসীরা। আহত অবস্থায় বাড়িতে ফেরার পর উত্তেজিত শতাধিক বাঙালি আদিবাসী গ্রাম শান্তিনগরে হামলা চালায়। আদিবাসীরা গভীর জঙ্গলে পালিয়ে গেলেও সূর্য চন্দ্র চাকমা (২৫) ও বিনয় চন্দ্র চাকমা (৩০) দুই আদিবাসী পালাতে পারেননি। এ সময় বাঙালিরা তাঁদের মারধর করে গুরুতর জখম করে। আটরকছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মঙ্গল কুমার চাকমা জানান, ঘটনায় দুজন আদিবাসী ও একজন বাঙালি আহত হয়েছেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা এ পি এম ফজলে রাব্বি জানান, আগামী রোববার আদিবাসী-বাঙালিদের নিয়ে বৈঠক ডাকা হয়েছে। পরিস্থিতি এখন স্বাভাবিক বলে তিনি জানান।