লংগদুতে আদিবাসী ছাত্রীকে ধর্ষণের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাঙামাটির লংগদু উপজেলার আটরকছড়া ইউনিয়নের বড় উল্টাছড়ি গ্রামে গত বুধবার সপ্তম শ্রেণীর এক আদিবাসী ছাত্রীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ধর্ষক মো. ইব্রাহিমকে (৩৫) জেলহাজতে পাঠানো হয়েছে। পুলিশ ও গ্রামবাসী সূত্র জানায়, বুধবার দুপুরে ওই ছাত্রী ও তার দুই ছোট ভাইকে বাড়িতে রেখে তার বাবা-মা কাজে যান। একই ইউনিয়নের উত্তর ইয়ারেংছড়ি গ্রামের ইব্রাহিম ওই ছাত্রীদের বাড়িতে বেড়াতে আসেন। সে সময় তারা খেলছিল। পরে সুযোগ বুঝে ইব্রাহিম ওই ছাত্রীকে ধরে ফেলেন। ধস্তাধস্তির একপর্যায়ে তিনি ওই ছাত্রীর মুখে কাপড় দিয়ে পাশের কলাবাগানে নিয়ে ধর্ষণ করেন। তার চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে এলে ইব্রাহিম পালানোর চেষ্টা করেন। এ সময় লোকজন ইব্রাহিমকে ধরে বেঁধে রাখেন। পরে তাঁকে পুলিশে সোপর্দ করা হয়।লংগদু থানার উপপরিদর্শক মো. শাহ আলম বলেন, এ ঘটনায় ওই ছাত্রী বাদী হয়ে মামলা করেছে।