লংগদুতে আদিবাসীদের বাড়িঘরে অগ্নিসংযোগের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাঙামাটির লংগদু উপজেলার বগাচতর ইউনিয়নের রাঙ্গীপাড়া ও গুলশাখালী ইউনিয়নের শান্তিনগর গ্রামে আদিবাসীদের বেশ কিছু বাড়ি পুড়িয়ে দেওয়ার ও ব্যাপক লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। একজন বাঙালি কাঠুরিয়ার মৃত্যুর জের ধরে এ ঘটনা ঘটে। স্থানীয় একাধিক সূত্রে জানা গেছে, গুলশাখালী ইউনিয়নের রহমতপুর গ্রামের বাসিন্দা ছাবের আলী (৪৫) গত মঙ্গলবার পাহাড়ে লাকড়ি কাটতে গিয়ে মারা যান। পরদিন বুধবার তাঁর লাশ পাওয়া যায়। তাঁকে আদিবাসীরা হত্যা করেছে—এমন অভিযোগ তুলে গতকাল বৃহস্পতিবার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুর রহিমের নেতৃত্বে বাঙালিরা লংগদু সদরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন। এ সময় আদিবাসীদের ওপর হামলার চেষ্টা করা হলে পুলিশ বাধা দেয়। রাঙামাটি ও বাঘাইছড়িতে চলাচলকারী লঞ্চের বেশ কিছু আদিবাসী যাত্রীকে মারধর করার অভিযোগ পাওয়া গেছে। পরে পুলিশ বাধা দিলে বাঙালিরা নিজেদের এলাকায় ফিরে যান। অবশ্য আবদুর রহিম তাঁদের মিছিল ও সমাবেশ শান্তিপূর্ণভাবে হয়েছে দাবি করে বলেন, তাঁরা কোনো আদিবাসীর ওপর হামলা করেননি। বিকেল পাঁচটার দিকে বাঙালিরা লংগদু উপজেলা সদর থেকে কমপক্ষে ১০ কিলোমিটার দূরে বগাচতর ইউনিয়নের রাঙ্গীপাড়া গ্রামে হামলা করে আদিবাসীদের বাড়িঘরে আগুন লাগিয়ে দেন। পার্শ্ববর্তী গুলশাখালী ইউনিয়নের শান্তিনগর গ্রামেও হামলা ও অগ্নিসংযোগ করা হয়। আদিবাসীরা অভিযোগ করেন, বাঙালিরা তাঁদের বাড়িঘরে আগুন লাগানোর আগে ব্যাপক লুটপাট চালান। মুঠোফোনে যোগাযোগ করা হলে আওয়ামী লীগের নেতা আবদুর রহিম জানান, পাহাড়ি ও বাঙালি উভয়ের বাড়িঘর পুড়ে গেছে। তবে তা ১০ থেকে ১২টির বেশি হবে না। ঘটনাটি কীভাবে ঘটেছে, তা তিনি জানেন না।উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফজলে রাব্বি ঘটনা নিশ্চিত করলেও হতাহত ও ক্ষয়ক্ষতির বিষয়ে জানাতে পারেননি।রাঙ্গীপাড়া এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) রাজানগর জোনের অধিনায়ক লে. কর্নেল আফজালুর আবেদীন জানান, পাহাড়ি-বাঙালি উভয়েরই ঘরবাড়ি পুড়ে গেছে।