লংগদুতে জনসংহতি সমিতির সদস্যকে গুলি করে হত্যা
রাঙামাটির লংগদু উপজেলা সদরে গতকাল শনিবার সাবেক শান্তি বাহিনীর এক সদস্যকে গুলি করে হত্যা করেছে বন্দুকধারীরা। নিহত ব্যক্তির নাম করুণ চাকমা (৪৩)। তাঁর বাড়ি উপজেলার তিনটিলা গ্রামে। তিনি পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির রাজনীতির সঙ্গে জড়িত বলে জানা গেছে।
পুলিশ ও সন্তু লারমা-সমর্থিত জনসংহতি সমিতি সূত্রে জানা গেছে, গতকাল সকাল আটটার দিকে করুণ চাকমা বাড়ির পাশের কাত্তলতলায় একটি চায়ের দোকানে বসে ছিলেন। এ সময় লংগদু উপজেলা সদরের পশ্চিম দিক থেকে আসা সামরিক পোশাক পরিহিত ১২-১৫ জনের একদল সশস্ত্র ব্যক্তি ঘটনাস্থলে গিয়ে তাঁকে ঘিরে ফেলে। তারা তাঁকে লক্ষ্য করে কয়েকটি গুলি ছুড়ে চলে যায়। গুলিতে গুরুতর আহত করুণ চাকমাকে হাসপাতালে নেওয়ার পথে মারা যান।
জনসংহতি সমিতি জানিয়েছে, করুণ চাকমা পার্বত্য চুক্তির শর্ত মোতাবেক অস্ত্র জমাদানকারী সাবেক শান্তি বাহিনীর সদস্য। তিনি জনসংহতি সমিতির রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। এ নিয়ে সাবেক শান্তি বাহিনীর ২৭ জন সদস্যকে হত্যা করা হলো। জনসংহতি সমিতির সহতথ্য ও প্রচার সম্পাদক সজীব চাকমা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে গতকালের এই হত্যাকাণ্ডের জন্য প্রতিপক্ষ ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) ও জনসংহতি সমিতি (এম এন লারমা) গ্রুপকে দায়ী করা হয়েছে। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার ও শাস্তির দাবি জানানো হয়েছে ওই বিজ্ঞপ্তিতে।
তবে ইউপিডিএফের সহযোগী সংগঠন গণতান্ত্রিক যুব ফোরামের সাধারণ সম্পাদক মাইকেল চাকমা বলেন, ‘লংগদু সদরে আমাদের কোনো অবস্থান নেই। এটা তাদের (জনসংহতির) অভ্যন্তরীণ কোন্দল হতে পারে। রাজনৈতিক উদ্দেশ্যে আমাদের ওপর দোষ চাপানো হচ্ছে।’
অপর দিকে জনসংহতি সমিতির (এম এন লারমা) রাঙামাটি জেলা সহসভাপতি ও বাঘাইছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান সুদর্শন চাকমা বলেন, ‘আমাদের সংগঠন গণতান্ত্রিক। আমাদের কোনো সশস্ত্র গ্রুপ নেই।’
লংগদু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রেজাউল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতের ভাই কিরণ চাকমা বাদী হয়ে একটি হত্যা মামলা করেছেন। তবে মামলায় কোনো ব্যক্তি বা দলের নাম উল্লেখ করেননি তিনি।