লংগদুর অরণ্য থেকে ছয়টি অস্ত্র ও গুলি উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাঙামাটির লংগদু উপজেলার গহিন অরণ্য থেকে গত বৃহস্পতিবার রাতে ছয়টি আগ্নেয়াস্ত্র ও ৮১টি গুলি উদ্ধার করেছে সেনাবাহিনী। তবে এ সময় কাউকে আটক করা সম্ভব হয়নি।উদ্ধার হওয়া অস্ত্রের মধ্যে আছে দুটি একনলা বন্দুক, একটি থ্রি নট থ্রি রাইফেল, একটি কাটা রাইফেল, একটি চায়নিজ পিস্তল ও একটি পাইপগান। এ ছাড়া থ্রি নট থ্রি রাইফেলের গুলি ৩০টি, বন্দুকের গুলি ৩৭টি ও এলজি পিস্তলের গুলি ১৪টি রয়েছে। সেনাসদস্যরা সন্ত্রাসীদের ফেলে যাওয়া ছয়টি বান্ডুলিয়ার (গুলি রাখার কাপড়ের ব্যাগ) ও একটি সাইড ব্যাগসহ নানা সরঞ্জাম উদ্ধার করেন। এসব অস্ত্র, গুলি ও সরঞ্জাম লংগদু থানায় হস্তান্তর করা হয়েছে।অস্ত্র উদ্ধারের ব্যাপারে লংগদু সেনাক্যাম্পের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আবু ইউসুফ ভূঁইয়া প্রথম আলোকে বলেন, তাঁরা জানতে পারেন লংগদুর কাঁঠালতলীর গহিন অরণ্যে একটি সন্ত্রাসী দল এক সপ্তাহ ধরে অবস্থান করছে। এ খবরের ভিত্তিতে তাঁর নেতৃত্বে একদল সেনাসদস্য বৃহস্পতিবার রাত ১০টার দিকে কাঁঠালতলীর গহিন অরণ্যে অভিযান চালান। টের পেয়ে সন্ত্রাসীরা পালিয়ে যায়। রাতের অন্ধকারে সন্ত্রাসীদের ধাওয়া করেও কাউকে আটক করা সম্ভব হয়নি। লংগদু থানার উপপরিদর্শক (এসআই) রুস্তম আলী প্রথম আলোকে বলেন, সেনাবাহিনীর উদ্ধার করা অস্ত্রগুলো জব্দ তালিকা করে বুঝে নেওয়া হয়েছে। এ ব্যাপারে একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।