লংগদুর ঘটনায় বিচার বিভাগীয় তদন্তের দাবি

রাঙামাটির লংগদুতে পাহাড়িদের ঘর-বাড়িতে আগুন দেওয়ার ঘটনার বিচার বিভাগীয় তদন্ত দাবি করেছেন স্থানীয় সাংসদ ঊষাতন তালুকদার। আজ সোমবার সংসদ অধিবেশন পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে তিনি এই দাবি জানান। সেই সঙ্গে নিরাপত্তাহীনতা দূর করা ও পরিস্থিতি পর্যবেক্ষণে ওই এলাকায় একটি সংসদীয় দল পাঠানো এবং আক্রান্ত পরিবারগুলোকে ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানান।
পাহাড়িদের ওপর আক্রমণের ঘটনাকে পরিকল্পিত ও উদ্দেশ্যমূলক দাবি করে ঊষাতন তালুকদার বলেন, পার্বত্য চুক্তি পুরোপুরি বাস্তবায়িত না হওয়ায় এ ধরনের ঘটনা ঘটছে। আইনশৃঙ্খলা ও সাধারণ প্রশাসন জেলা পরিষদের হাতে হস্তান্তরসহ চুক্তি পুরোপুরি বাস্তবায়ন করলে পার্বত্য এলাকায় শান্তি ফিরে আসবে।
ঘটনার বর্ণনা দিয়ে সাংসদ বলেন, লংগদুতে যুবলীগ নেতা নিহত হওয়ার সেন্টিমেন্টকে পুঁজি করে মিছিলে ঘাপটি মেরে থাকা দুর্বৃত্তরা ১৮-২০ টা বাড়ি ঘর, দোকানে আগুন দিয়েছে। সেখানকার লোকজন এখনো আশ্বস্ত হতে পারছেন না। তারা চরম নিরাপত্তাহীনতার মধ্যে বৃষ্টি বাদল মাথায় নিয়ে বনবাদাড়ে অবস্থান করছেন। দুর্বৃত্তরা সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন ও এলাকায় অস্থিতিশীলতা সৃষ্টির জন্য এ ঘটনা ঘটিয়েছে। তাদের প্রতিহত করতে হবে। তিনি যুবলীগ নেতা নিহতের ঘটনারও নিন্দা এবং হত্যাকাণ্ডে জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানান।
বিএনএফের আবুল কালাম আজাদ বলেন, বেশ কিছুদিন ধরে পার্বত্য চট্টগ্রাম চুক্তি ও ভূমি আইন নিয়ে পাহাড়ে অসন্তোষ বিরাজ করছে। সেখানে বাঙালি ও পাহাড়িদের মধ্যে বৈষম্য রয়েছে। এগুলো নিরসনে সংসদীয় তদন্ত কমিটি হওয়া দরকার।