রাঙামাটির লংগদু উপজেলার চারটি গ্রামে পাহাড়িদের বাড়িঘর পুড়িয়ে দেওয়ার ঘটনার তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করেছে জাতীয় মানবাধিকার কমিশন। কমিটিকে চার কর্ম দিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।
মানবাধিকার কমিশনের সদস্য বাঞ্চিতা চাকমাকে আহ্বায়ক করে গঠিত তিন সদস্যের এই কমিটির অন্য দুই সদস্য হলেন মানবাধিকার কমিশনের সহকারী পরিচালক মো. সাজ্জাদুর রহমান ও কমিশনের রাঙামাটি কার্যালয়ের উপপরিচালক মো. গাজী সালাউদ্দিন।
মানবাধিকার কমিশন রাঙামাটি কার্যালয়ের উপপরিচালক মো. গাজী সালাউদ্দিন বলেন, এলাকায় গিয়ে ক্ষতিগ্রস্ত লোকজন ও প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে প্রতিবেদন তৈরি করা হবে। আগামীকাল বৃহস্পতিবার থেকে এই কমিটি কাজ শুরু করবে।
ইউনিয়ন যুবলীগের এক নেতার মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে রাঙামাটির দুর্গম লংগদু উপজেলা সদরের চারটি গ্রামে পাহাড়িদের অন্তত ২০০টি বাড়ি গত শুক্রবার সকালে পুড়িয়ে দেওয়া হয়। ক্ষতিগ্রস্ত গ্রামগুলো হচ্ছে তিনটিলা, মানিকজোড়ছড়া, বড়াদম ও বাত্যাপাড়া। ঘটনার সময় আতঙ্কে এসব গ্রামের শতাধিক পাহাড়ি পরিবার পালিয়ে প্রায় ১৫ কিলোমিটার দূরের ভূইয়াছড়া, মধ্যমপাড়া, রাঙাপানিছড়া ও হারিহাবা এলাকার বনে, পরিত্যক্ত ঘরে ও গাছতলায় আশ্রয় নেয়।
লংগদু উপজেলা নিরর্বাহী কর্মকর্তার দায়িত্বে থাকা বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তাজুল ইসলাম বলেন, ঘটনাস্থল ঘুরে দেখতে স্বাস্থ্যমন্ত্রী মো. নাসিম গতকাল রাঙামাটি এসেছেন। বুধবার (আজ) তিনি লংগদুর ক্ষতিগ্রস্ত গ্রামগুলোতে যাবেন।
এদিকে ক্ষতিগ্রস্ত পাহাড়িদের অনেকেই পাঁচ দিন পরও নিজ গ্রামে ফিরতে পারেনি। উপজেলা সদর থেকে ১৫ কিলোমিটারের বেশি দূরে বিভিন্ন পাহাড়ি গ্রামে ও বনে আশ্রয় নিয়েছেন তাঁরা। পর্যাপ্ত খাবারের অভাবে শিশু ও বৃদ্ধরা অসুস্থ হয়ে পড়েছে বলে জানান সেখানে অবস্থান নেওয়া লোকজন।
রাঙামাটির লংগদু উপজেলার দুর্গম ভূইয়াছড়া এলাকায় আশ্রয় নেওয়া আনন্দ কুসুম চাকমা মুঠোফোনে বলেন, তিনি লংগদুর তিনটিলা এলাকার বাসিন্দা। গত শুক্রবার আগুনে ঘরবাড়ি পুড়ে যাওয়ার পর পরিবার নিয়ে ভূইয়াছড়ায় আশ্রয় নিয়েছেন। এখানে একটি ছনের চালার নিচে তাঁর পরিবারসহ আরও তিনটি পরিবার আশ্রয় নিয়েছে। এই চার পরিবারে শিশুর সংখ্য নয়টি। খাবারের অভাবে ও বৃষ্টির কারণে এর মধ্যে তিনটি শিশু অসুস্থ হয়ে পড়েছে।
উপজেলার আটারকছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মঙ্গল কান্তি চাকমা বলেন, আগুনে ক্ষতিগ্রস্ত পাহাড়ি পরিবারগুলো নিরাপত্তাহীনতায় ভুগছে।
মানিকজোড়ছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ডানে লংগদু নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে আশ্রয় নেওয়া পরিবারগুলোর জন্য গতকাল চিকিৎসক ও ওষুধ পাঠানো হয়েছে বলে জানান ইউএনও মো. তাজুল ইসলাম। গতকাল বিকেলে প্রথম আলোকে তিনি বলেন, অসুস্থদের চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে গুরুতর অসুস্থ কোনো রোগী সেখানে নেই।