সরকারি সহায়তা নিল ক্ষতিগ্রস্তরা
লংগদুর পাহাড়ি গ্রামে অগ্নিসংযোগে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের আশ্বাস
রাঙামাটির লংগদু উপজেলায় ঘরবাড়িতে আগুন দেওয়ার ঘটনায় ক্ষতিগ্রস্ত পাহাড়ি পরিবারগুলো অবশেষে সরকারি ত্রাণ সহায়তা নিল। প্রশাসনের পক্ষ থেকে পুনর্বাসনের আশ্বাস পেয়ে সহিংস ঘটনার পাঁচ সপ্তাহ পর তাঁরা ত্রাণ গ্রহণ করেন। গতকাল বুধবার সকাল ১০টায় লংগদু সদরে জেলা পরিষদের বিশ্রামাগারে রাঙামাটির জেলা প্রশাসক মো. মানজারুল মান্নান ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য লংগদু ত্রাণ কমিটির কাছে এই ত্রাণ হস্তান্তর করেন।
ত্রাণ হিসেবে ২১৩টি পরিবারের পক্ষে ত্রাণ গ্রহণ করেন লংগদুর ত্রাণ কমিটির আহ্বায়ক অশ্বিনী কুমার চাকমা। প্রত্যেক পরিবারের জন্য রাঙামাটির জেলা প্রশাসনের পক্ষ থেকে নগদ ৬ হাজার টাকা, ২ বান্ডিল টিন, ৩০ কেজি চাল ও ২টি করে কম্বল দেওয়া হয়। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর কয়েকজন সদস্য ও স্থানীয় জনপ্রতিনিধিদের সঙ্গে প্রশাসনের এক বৈঠকের পর তাঁরা ত্রাণ নিতে রাজি হন। রাঙামাটির জেলা প্রশাসন ছাড়াও এই বৈঠকে উপস্থিত ছিলেন লংগদু উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোছাদ্দেক মেহেদী ইমাম, লংগদুর আটারকছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মঙ্গল কান্তি চাকমা, লংগদু সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কুলীন মিত্র চাকমা, মাইনী মৌজার হেডম্যান মানিক কুমার চাকমা, তিনটিলা গ্রামের ক্ষতিগ্রস্ত ব্যক্তি মনি শংকর চাকমা ও বাত্যাপাড়া গ্রামের বুদ্ধজয় চাকমা প্রমুখ।
লংগদু ইউনিয়ন যুবলীগের এক নেতার মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে লংগদু উপজেলা সদরের তিনটি গ্রামে দোকানঘরসহ ২২৩টি বাড়ি পুড়িয়ে দেওয়া হয়। এ সময় গুণমালা নামে এক বৃদ্ধের মৃত্যু হয়। ক্ষতিগ্রস্ত গ্রামগুলো হচ্ছে তিনটিলা, মানিকজোড়ছড়া ও বাত্যাপাড়া। ঘটনার সময় ওই গ্রামে দুই শতাধিকের বেশি পাহাড়ি পরিবার পালিয়ে প্রায় ১৫ কিলোমিটার দূরের ভূঁইয়াছড়া, রাঙাপানিছড়া, মধ্যমপাড়া হারিহাবা এলাকার বনে, পরিত্যক্ত ঘরে ও গাছতলায় আশ্রয় নেন। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সদস্যরা এখনো তাঁদের গ্রামে ফিরে আসেননি।
বৈঠকে জেলা প্রশাসক মো. মানজারুল মান্নান ঘোষণা দেন, লংগদু উপজেলায় তিনটি গ্রামের ক্ষতিগ্রস্ত ২১৩ পরিবারকে পুনর্বাসন করা হবে। প্রধানমন্ত্রী কার্যালয় থেকে প্রত্যেক পরিবারকে পাঁচ লাখ টাকা করে দেওয়া হবে। আগামী এক মাসের মধ্যে এই টাকা বিতরণ করা হবে বলে ক্ষতিগ্রস্তদের আশ্বাস দেন। জেলা প্রশাসকের বিশেষ বরাদ্দ থেকে ক্ষতিগ্রস্ত লোকজনকে রেশন সহায়তা দেওয়া হবে বলেও তিনি আশ্বাস দেন।
এর আগে ৩ জুন উপজেলা লংগদুর ক্ষতিগ্রস্তদের ত্রাণ দেওয়ার উদ্যোগ নেয় প্রশাসন। তবে তখন তাঁরা ত্রাণ সহায়তা নেননি। পরবর্তী সময়ে একাধিকবার প্রশাসনের পক্ষ থেকে ত্রাণ নেওয়ার অনুরোধ করেও কাজ হয়নি।
এ ব্যাপারে জানতে চাইলে লংগদুর আটারকছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মঙ্গল কান্তি চাকমা বলেন, প্রশাসনের কাছে ক্ষতিগ্রস্ত পাহাড়িরা বেশ কিছু দাবি তুলে ধরেছেন। এই দাবিগুলো হলো—বাড়িঘরে অগ্নিসংযোগকারী এবং গুণমালা চাকমার হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি, গুণমালা চাকমার পরিবারকে ক্ষতিপূরণ দেওয়া, নিরাপত্তা নিশ্চিত করা, পুড়ে যাওয়া বাড়িঘরগুলোকে তিনটি শ্রেণিতে ভাগ করে প্রথম শ্রেণির প্রতিটি বাড়ির জন্য নগদ ৩০ লাখ টাকা, দ্বিতীয় শ্রেণির জন্য ২০ লাখ ও তৃতীয় শ্রেণির জন্য ১০ লাখ টাকা প্রদান, আগামী তিন বছর জনসংখ্যা অনুপাতে প্রতিটি ক্ষতিগ্রস্ত পরিবারকে রেশন বা অর্থ সহায়তা দেওয়া, ক্ষতিগ্রস্ত ৪৪ পাহাড়ির বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার এবং ক্ষতিগ্রস্ত পরিবারের শিক্ষার্থীদের শিক্ষাসামগ্রী ও উপবৃত্তি দেওয়া। এ দাবির কিছু কিছু পূরণ করার আশ্বাস দিয়েছে প্রশাসন।
তিনটিলা গ্রামের ক্ষতিগ্রস্ত মনি শংকর চাকমা প্রথম আলোকে বলেন, ‘লংগদু ঘটনার পর সরকারি পর্যায়ের অনেক প্রতিনিধি এসেছেন। কিন্তু কেউ পুনর্বাসন বা সহায়তা বিষয়ে সুনির্দিষ্টভাবে কিছু বলেননি। এ কারণে আমরা এতদিন সরকারের কোনো সাহায্য নেইনি। আজ (বুধবার) জেলা প্রশাসকের কাছে আমরা ক্ষতিপূরণ ও রেশন পাওয়ার আশ্বাস পেয়ে ত্রাণ নিতে রাজি হয়েছি।’