হেফাজতে ইসলামের লংমার্চ কর্মসূচি প্রসঙ্গে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, ‘এরা তো খুব ডেঞ্জারাস। মূলত যুদ্ধাপরাধীদের বিচার বানচাল করতে এই লংমার্চ কর্মসূচি দিয়েছে। তবে লংমার্চ করে যুদ্ধাপরাধীদের বিচার বন্ধ করতে পারবে না।’মুন্সিগঞ্জ সদর উপজেলার রামপাল ইউনিয়নের রঘুরামপুরে সম্প্রতি আবিষ্কৃত বৌদ্ধবিহার ও খননকাজ পরিদর্শনে এসে গতকাল বৃহস্পতিবার বিকেলে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন অর্থমন্ত্রী।এর আগে বেলা দুইটার দিকে অর্থমন্ত্রী ও তাঁর স্ত্রী শ্রীনগর উপজেলার বালাশুরে জমিদার যদুনাথ রায়ের বাড়িতে নির্মিতব্য বিক্রমপুর জাদুঘর পরিদর্শন করেন। সেখানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, ‘বাংলাদেশে ইসলাম ধর্মকে বিপন্ন করা যাবে না। ইসলাম ধর্ম তেরো-চৌদ্দ শ বছর ধরে ভালোই আছে। এসব হেফাজতের ইসলাম রক্ষার কোনো অধিকার ও যোগ্যতা নাই।’পদ্মা সেতু প্রসঙ্গে আবুল মাল আবদুল মুহিত বলেন, ‘২০১০ সালে চুক্তি সইয়ের পর বিশ্বব্যাংকের সঙ্গে আমাদের একটু ভুল-বোঝাবুঝি হয়েছিল আর্থিক লেনদেনে কিছু লোক পয়সা বানানোর চিন্তা করেছিল বলে। আমরা তা হতে দেইনি।’পদ্মা সেতুতে কোনো দুর্নীতি হয়নি দাবি করে অর্থমন্ত্রী বলেন, ‘এ বছরই পদ্মা সেতুর নির্মাণকাজ শুরু হয়ে যাবে।’বৌদ্ধবিহার খনন প্রসঙ্গে অর্থমন্ত্রী বলেন, ‘এই বৌদ্ধবিহারের সঙ্গে আজ থেকে বারো শ বছর আগে বৌদ্ধধর্মের পণ্ডিত অতীশ দীপঙ্করের সম্পর্ক রয়েছে বলে ধারণা করা হচ্ছে। আরও খননের মধ্য দিয়ে এখন তার প্রমাণ খোঁজা হচ্ছে। এ ব্যাপারে সরকারি সহযোগিতা ও উৎসাহ অব্যাহত থাকবে।’আলোচনা সভা: বিকেলে রঘুরামপুরে প্রত্নস্থানে অগ্রসর বিক্রমপুর ফাউন্ডেশনের সভাপতি ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য নূহ-উল-আলমের সভাপতিত্বে আলোচনায় অংশ নেন প্রতিরক্ষা মন্ত্রণালয়-সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও মুন্সিগঞ্জ-৩ আসনের সাংসদ এম ইদ্রিস আলী, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়-সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মমতাজ বেগম, জেলা প্রশাসক মো. সাইফুল হাসান, প্রত্নতত্ত্ব গবেষক সুফি মোস্তাফিজুর রহমান ও অর্থমন্ত্রীর স্ত্রী সাবিহা মুহিত।