৬ এপ্রিল ঢাকা অভিমুখে লংমার্চ কর্মসূচি সফল করতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে হেফাজতে ইসলাম ঢাকা মহানগর কমিটি। তা না করে লংমার্চ বানচালের চক্রান্ত বা চেষ্টা করা হলে, সারা দেশে আগুন জ্বলবে বলে হুঁশিয়ার করা হয়।গতকাল বুধবার বিকেলে রাজধানীর পুরানা পল্টনে লংমার্চ সফল করার লক্ষ্যে বিক্ষোভ মিছিলপূর্ব প্রচার সমাবেশে হেফাজতে ইসলামের নেতারা এ আহ্বান ও হুঁশিয়ারি জানান।সভাপতির বক্তব্যে হেফাজতের ঢাকা মহানগর কমিটির আহ্বায়ক নূর হোসেন কাসেমী লংমার্চ সফল করতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সরকারের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, ‘লংমার্চ বানচাল করার চক্রান্ত করলে যে পরিস্থিতির সৃষ্টি হবে, এর দায়ভার সরকারকে বহন করতে হবে। আমাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে ব্যাঘাত হলে সরকার ভেসে যাবে, সরকারের পতন হবে।’হেফাজতের কেন্দ্রীয় উপদেষ্টা আবদুল লতিফ নেজামী লংমার্চের দিন ঢাকায় সমাবেশের অনুমতি দেওয়া নিয়ে টালবাহানা না করার আহ্বান জানান। নায়েবে আমির মুফতি মোহাম্মদ ওয়াক্কাছ লংমার্চে শরিক হয়ে ইমানের পরিচয় দিতে সরকারের প্রতি আহ্বান জানান। আর লংমার্চে যেখানেই বাধা আসবে, সেখানেই অনির্দিষ্ট সময়ের জন্য অবস্থান নিতে সবার প্রতি আহ্বান জানিয়েছেন মধুপুরের পীর আবদুল হামিদ।হেফাজতের যুগ্ম মহাসচিব মুফতি ফয়জুল্লাহ দাবি করেন, হেফাজতের দাবি উপেক্ষা করে কেউ ক্ষমতায় থাকতেও পারবে না, ক্ষমতায় যেতেও পারবে না। তিনি বলেন, ‘শান্তিপূর্ণভাবে লংমার্চ-মহাসমাবেশ করতে চাই। কিন্তু বাধা দিলে বা সমাবেশের অনুমতি না দিলে সারা দেশে দাউ দাউ করে আগুন জ্বলবে।’ জাফরুল্লাহ খান দাবি করেন, শাহবাগে নাস্তিকদের বসিয়েছে সরকার। এখন দুই-চারজনকে ধরে কী লাভ? লংমার্চ বানচাল করার জন্য কয়েকজনকে ধরা হয়েছে।আবদুর রব ইউসুফী বলেন, ইমানের আন্দোলন কত প্রকার ও কী কী, তা জানতে পারবেন ৬ এপ্রিল।সমাবেশে কয়েক হাজার নেতা-কর্মী অংশ নেন। সমাবেশ শেষে একটি মিছিল পুরানা পল্টন থেকে দৈনিক বাংলা মোড়, মতিঝিল হয়ে আবার বায়তুল মোকাররম মসজিদের উত্তর ফটকে এসে শেষ হয়। নেজামে ইসলাম পার্টি: গতকাল সকালে পুরানা পল্টনে দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে ৬ এপ্রিল হেফাজতের লংমার্চ কর্মসূচির প্রতি সমর্থন দিয়ে তাতে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছে নেজামে ইসলাম পার্টি।সংবাদ সম্মেলনে বক্তব্য দেন দলের মহাসচিব আবদুল লতিফ নেজামী। এ সময় দলের সভাপতি আবদুর রকিবসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।১২ ছাত্র সংগঠনের সংবাদ সম্মেলন: গতকাল বিকেলে ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে এক যৌথ সংবাদ সম্মেলনে ৬ এপ্রিলের লংমার্চের প্রতি সমর্থন দিয়ে তা নির্বিঘ্নে পালন করতে সরকারের সহযোগিতা চেয়েছে ১২টি ছাত্র সংগঠনের মোর্চা। সংবাদ সম্মেলনে ইসলাম ও দেশবিরোধী অপতৎপরতা বন্ধ ও ইসলামের আদর্শের ভিত্তিতে শিক্ষাব্যবস্থা পুনর্গঠন করাসহ নয় দফা দাবি তুলে ধরেন ছাত্র মজলিসের সভাপতি আবুল কাশেম। সংগঠনগুলো হলো ইসলামী ছাত্র মজলিস, ইসলামী ছাত্র খেলাফত, খেলাফত ছাত্র আন্দোলন, জমিয়তে তালাবায়ে আরাবিয়া, ইসলামী ছাত্রসমাজ, আঞ্জুমানে তালামিযে ইসলামী, জাগপা ছাত্রলীগ, ছাত্র জমিয়ত, বাংলাদেশ মুসলিম ছাত্রলীগ, জাতীয় ছাত্রদল ও লেবার পার্টি ছাত্র ফোরাম।