আগামী ৬ এপ্রিল ঢাকা অভিমুখী লংমার্চ সফল করতে প্রস্তুতি সভা করেছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। গতকাল বৃহস্পতিবার চট্টগ্রামের আন্দরকিল্লা কেন্দ্রীয় কার্যালয়ে এ প্রস্তুতি সভা হয়।সভায় বলা হয়, সংবিধানে ‘মহান আল্লাহর ওপর পূর্ণ আস্থা ও বিশ্বাস’ পুনঃস্থাপন, আল্লাহ, রাসুল ও ইসলাম ধর্মের অবমাননাকারী ব্যক্তিদের সর্বোচ্চ শাস্তির বিধান রেখে জাতীয় সংসদে আইন পাস, ব্লগার ও ইসলামবিদ্বেষী ব্যক্তিদের গ্রেপ্তারসহ ১৩ দফা দাবির সমর্থনে ঢাকা অভিমুখে এই লংমার্চ কর্মসূচি দেওয়া হয়েছে। সারা দেশ থেকে ৬ এপ্রিল তৌহিদি জনতা ঢাকায় যাবেন। গতকাল প্রস্তুতি কমিটির এক সভায় সভাপতিত্ব করেন হেফাজতে ইসলামের সাধারণ সম্পাদক হাফেজ জুনাইদ বাবুনগরী। সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন হেফাজতে ইসলামের মুহিব্বুল্লাহ বাবুনগরী, মাওলানা মুঈনুদ্দিন রূহী, মাওলানা আজিজুল হক ইসলামাবাদী, মুফতি হারুন ইজহার প্রমুখ।