লংমার্চ সফল করায় জামায়াতের অভিনন্দন
হেফাজতে ইসলামের আহ্বানে সাড়া দিয়ে গতকাল শনিবার লংমার্চ কর্মসূচি সফল করায় দেশবাসীকে আন্তরিকভাবে অভিনন্দন জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান গতকাল এক বিবৃতিতে এ অভিনন্দন জানান।বিবৃতিতে বলা হয়, লংমার্চ কর্মসূচি বানচাল করার জন্য সরকার সড়ক-নৌ-রেলপথ বন্ধ করে তাদের সারা দেশ থেকে বিচ্ছিন্ন করে দিয়েছে। কর্মসূচি বানচাল করার উদ্দেশ্যে সরকারের পৃষ্ঠপোষকতায় ছুটির দিনেও হরতাল ডেকে জঘন্য নজির স্থাপন করা হয়েছে। ক্ষমতাসীন দলের কর্মীরা রাস্তায় রাস্তায় লংমার্চের কাফেলার ওপর হামলা করেছেন। বিবৃতিতে রফিকুল ইসলাম খান বলেন, সরকারের বাধা ও প্রতিবন্ধকতা, অপপ্রচার এবং চতুর্মুখী ষড়যন্ত্র উপেক্ষা করে তৌহিদি জনতা প্রমাণ করেছে যে, তারা আল্লাহ্ ও তাঁর রাসুল (সা.)-এর জন্য যেকোনো ত্যাগ স্বীকার করতে প্রস্তুত। ইসলামের বিরোধিতাকারীদের বিচারের দাবিতে এ দেশের জনগণ ঐক্যবদ্ধ। বিবৃতিতে হেফাজতে ইসলামের ১৩ দফা দাবি মেনে নেওয়ার জন্য তিনি সরকারের প্রতি আহ্বান জানান।