৬ এপ্রিল যেকোনো মূল্যে লংমার্চ করা হবে এবং তা সফল করে দেশকে ‘নাস্তিক-মুরতাদ’মুক্ত করা হবে। গতকাল শনিবার রাজধানী ও মুন্সিগঞ্জ এলাকার কয়েকটি কওমি মাদ্রাসায় ঘরোয়া সভায় লংমার্চ সমন্বয় কমিটির আহ্বায়ক নূর হোসাইন কাসেমী এ কথা বলেন। তিনি দাবি করেন, ‘নাস্তিক ব্লাগারদের’ শাস্তির দাবিতে তাঁদের এ আন্দোলন নিছক ইমানি আন্দোলন। খবরের প্রতিবাদ: খালেদা জিয়ার সঙ্গে হেফাজতের নেতাদের বৈঠকের বিষয়ে প্রথম আলোয় প্রকাশিত খবরকে মিথ্যা আখ্যায়িত করে আবারও প্রতিবাদ জানিয়েছে সংগঠনটি। প্রতিবাদে দাবি করা হয়, এটি আন্দোলনকে ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য একটি গোষ্ঠীর প্রচেষ্টার অংশ। প্রসঙ্গত, শনিবার এ বিষয়ে প্রথম আলোর ব্যাখ্যায় বলা হয়, বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ের একজন কর্মকর্তা ওই বৈঠকের কথা জানিয়েছিলেন।বাধা দিলে পরিণতি ভয়াবহ: গতকাল বিকেলে খেলাফত আন্দোলনের আমির শাহ আহমদুল্লাহ আশরাফ কেন্দ্রীয় কার্যালয়ে এক মতবিনিময় সভায় বলেন, লংমার্চে বাধা দিলে পরিণতি হবে ভয়াবহ।