লংমার্চে দলীয় ব্যানার ও দলীয় স্লোগান নিষেধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লংমার্চে এবং পরে ঢাকার সমাবেশে কোনো দলীয় ব্যানার, ফেস্টুন না আনা এবং কোনো ধরনের দলীয় বা রাজনৈতিক স্লোগান না দেওয়ার জন্য আহ্বান জানিয়েছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ আহমদ শফি। তিনি তাসবিহ, জায়নামাজ, চিড়া-মুড়িসহ হালকা খাবার নিয়ে লংমার্চ করে ৬ এপ্রিল ১০টার মধ্যে ঢাকায় পৌঁছার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন।গতকাল বুধবার এক বিবৃতিতে আল্লামা আহমদ শফি এ আহ্বান জানান। তিনি ঢাকা, চট্টগ্রামসহ সব বিভাগ ও মহানগরগুলো থেকে শুক্রবার জুমার নামাজের পর ঢাকার উদ্দেশে আনুষ্ঠানিকভাবে রওনা হতে বলেছেন।বিবৃতিতে ‘লংমার্চের আওয়াজকে প্রতিটি মুসলমানের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যে’ আজ বৃহস্পতিবার বাদ আসর সারা দেশের প্রতিটি জেলা ও উপজেলা, থানা পর্যায়ে সমাবেশ ও প্রচার মিছিলের আহ্বান জানানো হয়। হেফাজতের আমির বলেন, ‘আমাদের প্রতিটি কর্মসূচি হবে শান্তিপূর্ণ ও অহিংস। সহিংসতা, জ্বালাও, পোড়াও আমাদের আন্দোলনের ভাষা হতে পারে না। সরকারকে আমি বলব, আমাদের এই শান্তিপূর্ণ কর্মসূচিগুলোতে আপনারা কোনো প্রকার বাধা সৃষ্টি করবেন না।... রাজনৈতিক কোনো উদ্দেশ্য হাসিল আমাদের লক্ষ্য নয়। আমরা যে ১৩ দফা দাবি জাতির সামনে তুলে ধরেছি, তা ছাড়া অন্য কোনো দাবি এর সাথে জড়িয়ে দিবেন না। অন্য কোনো দাবি হেফাজতে ইসলামের দাবি নয়।’