৬ এপ্রিল ঢাকা অভিমুখী লংমার্চ কর্মসূচিতে সরকার সহযোগিতা করবে বলে আশা প্রকাশ করেছে হেফাজতে ইসলাম বাংলাদেশের লংমার্চ বাস্তবায়ন সমন্বয় কমিটি। অন্যথায় ‘তৌহিদি জনতা ফুঁসে উঠবে এবং এর দাবানল সারা দেশে ছড়িয়ে পড়বে’ বলে সরকারকে হুঁশিয়ার করেছেন এর নেতারা।গতকাল শুক্রবার বিকেলে ঢাকার লালবাগ মাদ্রাসায় লংমার্চ সমন্বয় কমিটির সভায় নেতারা এ হুঁশিয়ারি জানান।হেফাজতে ইসলাম ঢাকা মহানগর কমিটির আহ্বায়ক নূর হুসাইন কাসেমীর সভাপতিত্বে সভায় আবুল হাসানাত আমিনী, মুফতি ফয়জুল্লাহ, আবদুর রব ইউসুফী, জাফরুল্লাহ খান, জুনায়েদ আল হাবীব প্রমুখ উপস্থিত ছিলেন।প্রকাশিত সংবাদের প্রতিবাদ: বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে হেফাজতে ইসলামের কয়েকজন নেতা বৃহস্পতিবার বৈঠক করেছেন বলে গতকাল প্রথম আলোয় প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন সংগঠনটির ঢাকা মহানগর কমিটির আহ্বায়ক মাওলানা নূর হুসাইন কাসেমী। এ সংবাদকে তিনি মিথ্যা ও উদ্ভট বলে আখ্যায়িত করেন এবং এর নিন্দা জানান। তাঁর দাবি, হেফাজতে ইসলামের আন্দোলন সম্পূর্ণ অরাজনৈতিক ও ইমানি আন্দোলন। এর সঙ্গে বিশেষ কোনো দলের সম্পর্ক নেই।প্রতিবেদকের বক্তব্য: বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ের একজন কর্মকর্তা প্রথম আলোকে জানিয়েছেন, গুলশানের ওই কার্যালয়ে নূর হুসাইন কাসেমীর নেতৃত্বে হেফাজতে ইসলামের ছয়জন নেতা বৃহস্পতিবার রাত নয়টা ১০ মিনিটে প্রবেশ করেন এবং ১০টা ৫০ মিনিটে বের হন। ওই সূত্র থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে এ খবর ছাপা হয়।