লংমার্চে সহিংসতা হলে দায় ১৮ দলের: স্বরাষ্ট্রমন্ত্রী
হেফাজতে ইসলামের ৬ এপ্রিলের ঢাকা অভিমুখে লংমার্চে সহিংসতা হলে এর দায়দায়িত্ব ১৮ দলকে নিতে হবে। গতকাল বুধবার সচিবালয়ে এ কথা বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর।এর আগে স্বরাষ্ট্রমন্ত্রীর কক্ষে এ বিষয়ে একটি বৈঠক অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন মহীউদ্দীন খান আলমগীর, নৌমন্ত্রী শাজাহান খান, খাদ্যমন্ত্রী আব্দুর রাজ্জাক, পরিবেশ ও বনমন্ত্রী হাছান মাহমুদ, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ।স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘১৮ দল যে সুযোগসন্ধানী, তারা যে অন্যের কাঁধে বন্দুক রেখে গোষ্ঠীগত স্বার্থ উদ্ধার করে, এটা আবারও প্রমাণিত। শুনেছি হেফাজতে ইসলামের লংমার্চেও তারা সমর্থন দিয়েছে। কিন্তু ১৮ দলকে কোনো সমাবেশের অনুমতি দেওয়া হয়নি। তারা যদি তাদের স্বার্থ উদ্ধারে ওই কর্মসূচির সঙ্গে এক হয়ে যায়, যদি তাণ্ডব চালায় আর এ কারণে যদি কোনো বড় ধরনের সহিংসতার ঘটনা ঘটে, তাহলে এর দায় নিতে হবে বিএনপির নেতৃত্বাধীন ১৮ দলকে।’স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ‘হেফাজতে ইসলামের কর্মসূচি পর্যালোচনা করে সিদ্ধান্ত নিয়েছি, কোনো সমাবেশেই আমরা বাধা দেব না ততক্ষণ পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত এই সমাবেশ শান্তিপূর্ণ থাকবে। হেফাজতে ইসলামসহ সব রাজনৈতিক দলের কর্মসূচির ক্ষেত্রে এ নিয়ম প্রযোজ্য।’সাম্প্রতিক সময়ে কুমিল্লা ও রাজশাহীতে সংঘটিত সহিংসতার বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কুমিল্লায় ট্রেন লাইনচ্যুতির ঘটনায় ৭০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। রাজশাহীতে যারা সহিংসতা চালিয়েছে, যাদের ছবি গণমাধ্যমে এসেছে, তাদের সবাইকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া গত সোমবার আহত পুলিশ সদস্যকে হাসপাতালে নেওয়া ঝর্ণাকে পুরস্কৃত করা হবে বলেও জানান তিনি।হেফাজতে ইসলামের কর্মসূচিকে কেন্দ্র করে নাশকতার আশঙ্কা করা হচ্ছে কি না, জানতে চাইলে মন্ত্রী বলেন, ‘শান্তিপূর্ণ সমাবেশ হলে বাধা দেব না। কিন্তু সমাবেশ করে বিএনপি, জামায়াত বা ১৮ দল যদি কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করে, তাহলে তা দমন করার জন্য সরকারের পক্ষ থেকে সব রকমের ব্যবস্থা নেওয়া হবে।’হেফাজতে ইসলামের সঙ্গে সরকারের সমঝোতার কথা শোনা যাচ্ছে—সাংবাদিকদের এমন মন্তব্যের জবাবে মন্ত্রী বলেন, ‘আমরা সরকার পরিচালনা করি কিছু সূত্র বা নীতির ভিত্তিতে। এই নীতি সবার জন্য সমানভাবে প্রযোজ্য। কোনো গোষ্ঠীবিশেষকে আমরা পছন্দ করব, আবার কোনো গোষ্ঠীবিশেষকে অপছন্দ করব, তা সম্ভব নয়।’স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের গঠিত কমিটি ব্লগে ইসলামের নামে কটূক্তিকারী ১১ জন ব্লগারকে শনাক্ত করে তালিকা দিয়েছে। তাদের সুপারিশের ভিত্তিতেই ব্লগারদের গ্রেপ্তার করা হয়েছে। তারা ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার মতো অপকর্ম করেছে, যা আইনত দণ্ডনীয় অপরাধ।এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমার দেশ কাবা শরিফের গিলাফ পরিবর্তনের ছবিকে মানববন্ধন বলে ছেপে বিভ্রান্তি ছড়িয়ে ফায়দা লোটার অপচেষ্টা চালিয়েছে। ডেইলি স্টার কয়েক দিন আগে বিষয়টি পরিষ্কার করেছে। এখন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা ভাবা হচ্ছে।