বিএনপির লংমার্চ কর্মসূচির বিপরীতে নতুন কর্মসূচি নিয়ে মাঠে নামছে আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪-দলীয় জোট। প্রথম পর্যায়ে ঢাকার সাভার, খুলনা ও ময়মনসিংহে জনসভার সিদ্ধান্ত নিয়েছে ক্ষমতাসীন এই জোট। পরে পর্যায়ক্রমে অন্যান্য বিভাগীয় শহরে জনসভা করা হবে।
গতকাল মঙ্গলবার ধানমন্ডির দলীয় কার্যালয়ে ১৪ দলের বৈঠকে এ সিদ্ধান্ত হয়। বৈঠক শেষে ১৪ দলের সমন্বয়ক এবং স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম এ কর্মসূচি ঘোষণা করেন।
বৈঠকে বলা হয়, বিএনপির নৈরাজ্য, যুদ্ধাপরাধীদের বিচার ও লংমার্চের নামে গণতন্ত্রের ধারাবাহিকতা বিনষ্টের চক্রান্তের বিরুদ্ধে জনমত গড়ে তুলতে ১৪ দল ২৬ এপ্রিল খুলনায়, ২৭ এপ্রিল ঢাকার সাভার ও ২৮ এপ্রিল ময়মনসিংহে জনসভা করবে। জোটের কেন্দ্রীয় নেতারা তিনটি দলে ভাগ হয়ে এসব জনসভায় অংশ নেবেন।
কর্মসূচি ঘোষণা করে সংবাদ ব্রিফিংয়ে মোহাম্মদ নাসিম বলেন, ‘বিএনপি লংমার্চের নামে তথাকথিত গাড়ি মার্চ শুরু করেছে। সমস্যা সমাধানের জন্য তাদের এ লংমার্চ নয়। এটা কেবল রাজনৈতিক স্টান্টবাজি।’ তিনি বলেন, ৫ জানুয়ারির নির্বাচনে বিএনপি অংশগ্রহণ না করায় দলের নেতা-কর্মীরা হতাশ। তাই কর্মীদের চাঙা করতে এই কর্মসূচি দেওয়া হয়েছে।
নাসিম বলেন, ‘ভারতে এখন নির্বাচন চলছে। আমরা আশা করছি সেখানে নতুন সরকার ক্ষমতায় আসলে তাদের সঙ্গে আলোচনা করে অদূর ভবিষ্যতে তিস্তা সমস্যার সমাধান হবে। তিস্তার পানি পাবার ন্যায্য অধিকার আমাদের রয়েছে। এটা দ্বিপাক্ষিক আলোচনা মাধ্যমে সমাধান হওয়া দরকার।’ তিনি বলেন, বিএনপি ক্ষমতায় থাকতে এ নিয়ে কোনো আলোচনা করেনি। তারা যখন ক্ষমতায় ছিল, তাদের প্রধানমন্ত্রী ভারতে গিয়ে তিস্তার পানি চুক্তি নিয়ে কথা বলতে ভুলে গিয়েছিলেন। তাই তাদের এ বিষয় নিয়ে কথা বলা মানায় না।
মোহাম্মদ নাসিমের সভাপতিত্বে ১৪ দলের সভায় আওয়ামী লীগের মাহবুব উল আলম হানিফ, জাহাঙ্গীর কবির নানক, দীপু মনি, আহমদ হোসেন, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাম্যবাদী দলের দিলীপ বড়ুয়া, গণতন্ত্রী পার্টির নুরুর রহমান সেলিম, কমিউনিস্ট কেন্দ্রের ওয়াজেদুল ইসলাম খান, গণআজাদী লীগের আবদুস সামাদ, তরীকত ফেডারেশনের এম এ আউয়াল প্রমুখ উপস্থিত ছিলেন।