লংলা চা-বাগানের শাল আকাশমণি গাছ নিধন
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার লংলা চা-বাগানের শালবন ফাঁকা হয়ে যাচ্ছে। করাত দিয়ে কেটে ফেলা হচ্ছে শাল, আকাশমণি ও বেলজিয়াম জাতের গাছ। কর্তৃপক্ষই শালবনসহ আশপাশের এলাকার বিভিন্ন জাতের বেশ কিছু গাছ কাঠ ব্যবসায়ীদের কাছে বিক্রি করে দিয়েছে। স্থানীয় চা-শ্রমিকেরা জানান, গত ১৫ দিনে শালবনসহ বাগানের ১৬ ও ১৭ নম্বর সেকশনের প্রায় চার-পাঁচ শ শাল, আকাশমণি ও বেলজিয়াম জাতের গাছ নির্বিচারে কাটা হয়েছে। গাছ টেনে নামানোর কাজে একটি পোষা হাতিকেও ব্যবহার করা হচ্ছে। বাগানের ১৭ নম্বর সেকশনের বাসিন্দা কৃপাশঙ্কর রাজভর (৬০) বলেন, ‘শালবনের গাছগুলো দেখতে খুব সুন্দর। লোকজন বেড়াইতে আসত। অখন (এখন) তো বিরান (ফাঁকা) হই যার (হয়ে যাচ্ছে)।’স্থানীয় নন্দলাল দাস (৩০) জানান, শালবনে বিভিন্ন ধরনের পশুপাখির আবাস ছিল। করাতের শব্দে তারা পালিয়েছে। গাছ কাটার প্রতিবাদে সাধারণ শ্রমিকেরা ২৭ মে ব্যবস্থাপকের বাংলোর সামনে বিক্ষোভ করেছেন। বাগানের ব্যবস্থাপক জহিরুল ইসলাম বলেন, ‘সকল নিয়মনীতি অনুসরণ করেই গাছ কাটা হচ্ছে। গাছগুলো বেশ পুরোনো হওয়ায় কর্তৃপক্ষ সেগুলো বিক্রির সিদ্ধান্ত নিয়েছে।’ কুলাউড়া রেঞ্জের বন কর্মকর্তা মোখলেসুর রহমান জানান, মন্ত্রণালয় থেকে অনুমোদন পাওয়ার পর এক হাজার ২০০টি গাছ কাটার অনুমতি দেওয়া হয়েছে।বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) সাধারণ সম্পাদক আবদুল মতিন মুঠোফোনে বলেন, ‘নির্বিচারে গাছ কাটা হলে ভূমিধসসহ এলাকার জীববৈচিত্র্য স্বাভাবিকভাবেই নষ্ট হয়। তাই এ ধরনের তৎপরতা এখনই বন্ধ করা উচিত।’