লকডাউন না মানার নেপথ্যের কারণ কী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কোভিড-১৯ সংক্রামণ প্রতিরোধে ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় চলছে লকডাউন। দিন দিন বিস্তৃত হচ্ছে লকডাউনের পরিসর। এখন পর্যন্ত ৩০ টিরও বেশি জেলায় ঘোষণা হয়েছে লকডাউন। জেলার বিভিন্ন স্থান ঘোষিত হয়েছে ক্লাস্টার, ঝুঁকিপূর্ণ ইত্যাদি নামে। সন্ধ্যা ৬টা থেকে ভোর ৬টা পর্যন্ত ঘরের বাইরে যাওয়া আসা বন্ধ।

বাইরে গেলে মাস্ক ও বাড়িতে সাবানপানির গুরুত্ব বেড়েছে। এ নিয়েই কথা হচ্ছে সবসময়। সব ঠিকই আছে। কিন্তু কোথায় একটা পরিকল্পনার ঘাটতি আমাদের সুরক্ষার ব্যাপারটিতে যথেষ্ট ভুমিকা রাখতে পারছে না।

স্বাস্থ্যসুরক্ষায় ঘোষিত লকডাউন মেনে চলার ব্যাপারে মানুষের সমর্থন থাকলেও কার্যত তা মেনে চলা কঠিন হয়ে পড়ছে সচেতন মহলেই। এক্ষেত্রে বাজার বা নিত্যপ্রয়োজনীয় দ্রব্যসামগ্রীর বিপণনকেন্দ্রগুলোই জনসাধারণের অবাধ যোগাযোগস্থল, হ্যাঁ একইসঙ্গে ভাইরাসেরও।

রাজধানীর বাইরে অন্যান্য জেলাশহর বা গ্রামাঞ্চলে এই অবাধ বিচরণ অনেকাংশে অসচেতনতার কারনে হলেও, রাজধানীর বিভিন্ন এলাকায় জনসমাগম অনেকক্ষেত্রেই জেনেশুনে, বাধ্য হয়ে। ঢাকা শহরের জনসংখ্যার আধিক্য আর যাই হোক কোনোভাবেই লকডাউনের সাথে খাপ খাইয়ে চলার সামর্থ্য রাখে না, যদি না বিশেষ ব্যবস্থা বা পরিকল্পনা গ্রহণ করা হয়। দেড় থেকে ২ কোটি লোকের শহরে যদি ঘরপ্রতি একজন করেও প্রতিদিন বের হয় শুধু চাল, ডাল, তেল, আলু, পেঁয়াজের মতো আবশ্যিক নিত্য প্রয়োজনীয় জিনিস কিনতে, তবে লকডাউন শুধু আনুষ্ঠানিক ঘোষণা হিসেবেই স্বীকৃত হবে, কার্যত হবে বিফল।

একই সাথে এটাও দেখাতে হবে কত শতাংশ লোক মাসের বাজার একবারে সেরে ফেলার সামর্থ্য রাখে। ঢাকাশহরে মধ্য ও নিম্নমধ্যবিত্তের সংখ্যার উচ্চহার ইঙ্গিত করে 'দিন আনা দিন খাওয়া' শ্রেণীর সংখ্যাটা নেহাত কম নয়, যা লকডাউনের সফলতার ক্ষেত্রে সবচেয়ে বড় অন্তরায়। এক্ষেত্রে বাস্তবসম্মত পরিকল্পনাই সমস্যার একমাত্র সমাধান।

স্বাস্থ্যমন্ত্রণালয় থেকে শুরু করে সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠান থেকে বলা হচ্ছে, প্রয়োজন ছাড়া ঘরের বাইরে না যেতে। কিন্তু এটা মাথায় রাখতেই হবে, করোনা 'প্রয়োজন' বোঝে না। প্রয়োজন হোক বা অপ্রয়োজন, এই ভাইরাস তার সর্বোচ্চ সীমারেখায় যে কাউকেই বেছে নিতে পারে। সুতরাং প্রয়োজন-অপ্রয়োজন কোনো ক্ষেত্রেই ঘরের চৌকাঠ পেরোনো নিরাপদ নয়। সন্ধ্যা ৬টা থেকে ভোর ৬টার যে নির্দেশনা দেওয়া হয়েছে, সংশ্লিষ্ট মহলকে বুঝতে হবে, এই করোনা ভাইরাস সময়েরও তোয়াক্কা করে না। এমনকি দিনের পর দিন পূর্ণ শক্তিতেই বেঁচে থাকতে পারে, ছড়াতে পারে সংক্রমণ। সেক্ষেত্রে ১২ ঘণ্টার বিরতি সংক্রমণরোধে কার্যকর বলে চিকিৎসাবিজ্ঞানও সমর্থন করে না। তবে কিসের ভিত্তিতে এসব নিয়মনীতিই যথেষ্ট মনে করা হচ্ছে?

বরং কার্যকর লকডাউন একমাত্র হতে পারে ঘরে ঘরে পণ্য সামগ্রী পৌঁছে দেওয়ার মাধ্যমে। ওষুধ ও চাল, ডাল, তেলের মতো অতিজরুরী পণ্য সামগ্রী এবং শুকনো খাবার বাধ্যতামূলক 'হোম ডেলিভারি'র মাধ্যমে ন্যায্য দামে কেনাকাটার সুযোগ থাকা এই মুহূর্তে সবচেয়ে জরুরী। শুধু মোবাইল অ্যাপ নয়, সরাসরি ফোন নম্বরের মাধ্যমে পণ্য সামগ্রী অর্ডার ও ক্রয়ের সুযোগ সাধারণ মানুষদের কাছে হবে সহজ প্রক্রিয়া। একইসাথে এটি হবে জনসাধারণকে ঘরমুখো রাখার সবচেয়ে ভালো উপায়। অন্যদিকে নিম্নবিত্ত ও ছিন্নমূল মানুষদের ক্ষেত্রে, সরকারি ত্রাণ-অনুদানের লোকদেখানো কর্মসূচির পরিবর্তে বাড়ি বাড়ি ত্রাণসামগ্রী পৌঁছে দেওয়ার ব্যবস্থা করলে জনসমাগম হওয়ার যৌক্তিক আর কোনো কারণ থাকে না। তাই উদ্ভূত এই পরিস্থিতিতে অন্তত ঘনবসতিপূর্ণ এলাকাগুলোতে 'হোম ডেলিভারি সার্ভিস' চালু করা এই সময়ে অত্যন্ত জরুরী। একইসাথে ত্রাণ বিতরণের ক্ষেত্রেও বাড়ি বাড়ি পৌঁছে দেওয়ার পরিকল্পনা গ্রহণ করতে হবে। মনে রাখতে হবে, প্রতিকূল অবস্থায় উপযুক্ত ব্যবস্থাই, অনুকূল পরিস্থিতি তৈরিতে ভুমিকা রাখতে পারে।

*লেখক: শিক্ষার্থী, জগন্নাথ বিশ্ববিদ্যালয়।