লকডাউনে কমিউনিটি সেন্টারে বিয়ের আয়োজন করায় জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সুনামগঞ্জের একটি কমিউনিটি সেন্টারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান। লকডাউনে বিয়ের আয়োজন করায় কমিউনিটি সেন্টারের মালিককে জরিমানা করা হয়।
ছবি: প্রথম আলো

সারা দেশে চলমান কঠোর লকডাউন তোয়াক্কা না করেই কমিউনিটি সেন্টারে চলছিল বিয়ের আয়োজন। তবে শেষ পর্যন্ত ভ্রাম্যমাণ আদালতের অভিযানে বিয়ে আর হয়নি। কমিউনিটি সেন্টারের মালিককে গুনতে হয়েছে ৫০ হাজার টাকা জরিমানা। এদিকে বর ও কনের পরিবার ছাড়া পেয়েছে মুচলেকা দিয়ে।

আজ শুক্রবার সুনামগঞ্জের ছাতক উপজেলার সিংচাপইড় ইউনিয়নের জহুরা কমিউনিটি সেন্টারে এ ঘটনা ঘটে। দুপুরে ছাতক উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপস শীল ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এই জরিমানা আদায় করেন এবং মুচলেকা নেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, চলমান লকডাউনে কমিউনিটি সেন্টারে লোকসমাগম করে বিয়ের আয়োজনে সরকারি বিধিনিষেধ আছে। কিন্তু এই বিধিনিষেধ অমান্য করে ওই কমিউনিটি সেন্টারে আজ দুপুরে একটি বিয়ের আয়োজন করা হয়।

খবর পেয়ে বেলা দুইটার দিকে ভ্রাম্যমাণ আদালত ওই কমিউনিটি সেন্টারে হাজির হন। এ সময় কমিউনিটি সেন্টারের মালিক আবদুস সালামকে ৫০ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত। একই সময় আদালত মুচলেকা নিয়ে বর ও কনের পরিবারকে ছেড়ে দেন। ভ্রাম্যমাণ আদালতের এই কার্যক্রম পরিচালনার সময় সেখানে সেনাবাহিনীর সদস্যরাও উপস্থিত ছিলেন।

তাপস শীল বলেন, সরকারি বিধিনিষেধ অমান্য করে বিয়ের আয়োজন করায় কমিউনিটি সেন্টারের মালিককে ২০১৮ সালের সংক্রামক রোগ (প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল) আইন অনুযায়ী জরিমানা করা হয়েছে। এ ছাড়া বর ও কনের পরিবারের লোকজন মুচলেকা দিয়েছেন। করোনার সংক্রমণ প্রতিরোধে লকডাউন চলাকালে সবাইকে অবশ্যই সরকারি বিধিনিষেধ মানতে হবে। কেউ বিধিনিষেধ অম্যান্য করলেই তাঁর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।