লকডাউনে ফাঁকা মহাসড়ক, ৭ পথচারীকে জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চলমান কঠোর বিধিনিষেধের কারণে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক প্রায়ই ফাঁকা হয়ে যাচ্ছে। ইচাইল এলাকা, মির্জাপুর, টাঙ্গাইল, ২ জুন বিকেল চারটা
ছবি: প্রথম আলো

সারা দেশে সাত দিনব্যাপী চলমান লকডাউনে সরকারি বিধিনিষেধের কারণে মহাসড়কে চলছে না কোনো গণপরিবহন। পণ্যবাহী যানবাহন চলাচল করলেও তা ছিল খুবই কম। এ কারণে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুর অংশে আজ শুক্রবার প্রায় সময়ই ছিল একেবারে ফাঁকা।

পুলিশ সূত্র জানায়, লকডাউনের পাশাপাশি বৃষ্টির কারণে মহাসড়ক ফাঁকা হয়ে যাচ্ছে।
আজ বিকেলে মহাসড়ক ঘুরে দেখা গেছে, যানবাহনের সংখ্যা খুবই কম। বেলা সাড়ে তিনটা থেকে বিকেল সাড়ে চারটা পর্যন্ত এক ঘণ্টা মহাসড়কের বিভিন্ন স্থানে অবস্থান করে দেখা গেছে, ঢাকাগামী পণ্য বা মালামালবাহী ট্রাক, পিকআপ ও কাভার্ড ভ্যানের সংখ্যা একেবারেই কম। উত্তরাঞ্চলগামী খালি ট্রাক ও পিকআপ ভ্যানের সংখ্যা তুলনামূলকভাবে কিছুটা বেশি।

স্বাভাবিক সময়ে যেখানে গড়ে প্রতি মিনিটে ৮-১০টি যানবাহন চলত, সেখানে প্রতি পাঁচ মিনিটে অনেক সময় ৮-১০টি যানবাহনও চলছে না। মহাসড়কে সার্ভিস লেন ছাড়াও মূল সড়কে রিকশা ও অটোরিকশা চলাচল করতে দেখা গেছে। এর মধ্যে ব্যাটারিচালিত অটোরিকশা ছিল বেশি। তবে আগের তুলনায় রিকশারও চলাচল কম ছিল।

রিকশাচালক ইদ্রিস মিয়া জানান, লকডাউনের পাশাপাশি বৃষ্টির কারণে রাস্তায় লোকজন কম বের হচ্ছে। অন্যবার লকডাউনের সময় মানুষ রিকশায় প্রচুর যাতায়াত করত। কিন্তু আজ তা খুবই কম ছিল।

ট্রাকচালক হারুন মিয়া জানান, ট্রাকগুলো সাধারণত রাতের বেলা বেশি চলাচল করে। তবে দিনের বেলায় যে হারে পণ্যবাহী ট্রাক চলছে, তা খুবই কম। লকডাউনের কারণেই হয়তো এমনটা হয়েছে।

মির্জাপুরের ট্রাফিক সার্জেন্ট রুবায়েত আহমেদ জানান, আজ সকাল থেকেই তাঁরা মহাসড়কের বিভিন্ন স্থানে দায়িত্ব পালন করেছেন। তিনি দেখেছেন, আগে গড়ে প্রতি মিনিটে ৮-১০টি যানবাহন চললেও আজ মাঝেমধ্যে প্রতি পাঁচ মিনিটে ৮-১০টি যানবাহনও চলেনি। অধিকাংশ সময়ই মহাসড়ক ফাঁকা থেকেছে। লকডাউনের পাশাপাশি বৃষ্টির কারণে এমনটা হয়েছে। এ ছাড়া মহাসড়কে যাত্রীর সংখ্যা নগণ্য থাকায় রিকশাও কম চলেছে বলে তিনি উল্লেখ করেন।

এদিকে লকডাউনে বিধিনিষেধ অমান্য করে বিনা প্রয়োজনে রাস্তায় বের হওয়ায় সাত পথচারীর কাছ থেকে সাড়ে পাঁচ হাজার টাকা জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমাণ আদালত। মির্জাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হাফিজুর রহমান ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. জুবায়ের হোসেন আজ দিনভর উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ওই জরিমানা আদায় করেন।

ইউএনও মো. হাফিজুর রহমান জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।