লক্কড়ঝক্কড় গাড়িতে রং করানোর হিড়িক
বগুড়ার মোটর ওয়ার্কশপগুলোতে লক্কড়ঝক্কড় বাসে রংচং করানোর হিড়িক পড়ে গেছে। ঈদ সামনে রেখে সড়ক-মহাসড়কে চলাচল অযোগ্য এসব বাস চালানোর জন্য এ ধরনের তোড়জোড় শুরু হয়েছে। রং লাগিয়ে লক্কড়ঝক্কড় গাড়িকে নতুন বানিয়ে রাস্তায় নামানোর প্রস্তুতি চলছে বিআরটিসির বগুড়া ডিপোতেও।
বগুড়া শহরের তিনমাথা রেলগেট, চারমাথা ভবেরবাজার, ঝোপগাড়ি ও মাটিডালি এলাকার বিভিন্ন মোটর ওয়ার্কশপে গিয়ে দেখা গেছে, শ্রমিকেরা লক্কড়ঝক্কড় বাসে রং দেওয়ার কাজে ব্যস্ত। এখানে শতাধিক পুরোনো গাড়ি ঘষামাজা করে রংচং করা হচ্ছে। ভবেরবাজারের একটি কারখানায় আট-দশটি গাড়িতে রং করছিলেন মিস্ত্রিরা। রংমিস্ত্রি আবদুল বারী বলেন, ‘ঈদের এক মাস আগে থেকেই কাজের ভিড় বাড়ে। চলে ঈদের আগ পর্যন্ত। অন্য বছর ঈদের আগে গড়ে ৪০-৫০টি করে পুরোনো বাসে রং করানোর কাজ পেয়েছি। এবার বর্ষার কারণে কাজ আগাতে পারছি না। মালিকেরা তাগাদা দিচ্ছেন।’
বাসচালক সাজাহান আলী বলেন, এসব লক্কড়ঝক্কড় গাড়ি লোকাল রুটেই ঠিকমতো চলে না। একটুতেই ইঞ্জিন বিগড়ে যায়। কিন্তু মহাজনের হুকুম, ঈদে ঢাকা থেকে চালাতে হবে। এ জন্য রং দেওয়া হচ্ছে। নাম প্রকাশ না করার শর্তে পুরোনো গাড়ির একজন মালিক বলেন, এসব গাড়ি এখন মালিকদের কাছে সার্কাসের বয়স্ক হাতি পালার মতো। সারা বছর প্রচুর খরচ। ব্যবসা যা হয় দুই ঈদে। দূরের রাস্তা। রংচং না করলে যাত্রী টানা যাবে না। কেউ ভাড়াও বেশি দেবে না।
এদিকে বিআরটিসির বগুড়ার ডিপোতেও কয়েকটি গাড়িতে রংচং করার তোড়জোড় দেখা গেল। কর্মচারীরা জানান, এসব গাড়ি ঈদে বিভিন্ন রুটে চলাচল করবে। তবে ডিপোর পরিচালক শুভাশীষ পোদ্দার প্রথম আলোকে বলেন, এ ডিপো থেকে বিভিন্ন রুটে ৪৩টি বাস চলাচল করে। এর মধ্যে ১০টি নতুন এবং দুটি শীতাতপনিয়ন্ত্রিত। অন্য বাসগুলো পুরোনো। দু-একটি বাসে রং লাগানো হচ্ছে, তবে তা ‘ঈদ স্পেশাল সার্ভিস’ হিসেবে চালানো হবে না, নিয়মিত রুটেই চলাচল করবে।
নিরাপদ সড়ক চাই আন্দোলনের বগুড়ার আহ্বায়ক মোস্তাফিজার রহমান বলেন, ‘এসব লক্কড়ঝক্কড় গাড়ির অবস্থা আসলে “ওপরে ফিটফাট, ভেতরে সদরঘাট”-এর মতো। এসব গাড়ির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনকে অনুরোধ করেছি। প্রয়োজনে এসব গাড়িতে ভ্রমণ না করার জন্য আমরা যাত্রীদের মধ্যে প্রচারণা চালাব।’
বগুড়া সদর ট্রাফিক পুলিশের পরিদর্শক খলিলুর রহমান বলেন, রংচং করে লক্কড়ঝক্কড় গাড়ি মহাসড়কে নামানো হলে চেকপোস্ট বসিয়ে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।
হাইওয়ের পশ্চিমাঞ্চল পুলিশের বগুড়ার পুলিশ সুপার ঈসরাইল হাওলাদার বলেন, যেসব লক্কড়ঝক্কড় গাড়ি চলাচল করবে, সেসব গাড়ির কারণে যাতে কোথাও দুর্ঘটনা বা প্রাণহানি না ঘটে সে জন্য হাইওয়ে পুলিশ চেকপোস্ট বসিয়ে এসব গাড়ির চলাচল নিয়ন্ত্রণ করবে।