চিকুনগুনিয়ায় আক্রান্ত মানুষ রোগের লক্ষণের যে বর্ণনা দিচ্ছেন, তার সঙ্গে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) উল্লেখ করা লক্ষণের পার্থক্য দেখা যাচ্ছে। কিছু উপসর্গ বিশেষজ্ঞ চিকিৎসকদের নজরে পড়েছে, যা আগে জানা ছিল না বলে প্রথম আলোকে জানিয়েছেন।
চিকুনগুনিয়ার প্রাদুর্ভাব দেখা দেওয়ার পর থেকে বলা হচ্ছিল এই রোগের বিশেষ কোনো চিকিৎসা নেই। ওষুধ হিসেবে প্যারাসিটামলই যথেষ্ট। কিন্তু নানা জটিলতার তথ্য সংগ্রহ করার পর আইইডিসিআর নতুন চিকিৎসাপদ্ধতি (ট্রিটমেন্ট মডালিটি) চালু করার কথা ভাবছে। এ নিয়ে কাজও শুরু হয়েছে বলে জানিয়েছে আইইডিসিআর।
একজন চিকিৎসক চিকুনগুনিয়ায় আক্রান্ত হয়ে রাজধানীর পান্থপথের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। তিনি প্রথম আলোকে বলেন, ‘বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা আইইডিসিআর যে লক্ষণ তাদের ওয়েবসাইটে বর্ণনা করেছে, চিকুনগুনিয়া তার চেয়েও ভয়াবহ। ওরা শুধু গিটে ব্যথার কথা বলেছে, কিন্তু আমার পুরো শরীরে প্রচণ্ড ব্যথা ছিল। ডায়রিয়ার কোনো উল্লেখ তারা করেনি। কিন্তু আমি মারাত্মক ডায়রিয়ায় পড়ি।’
গত দু-তিন মাসে চিকুনগুনিয়ার বেশ কিছু রোগীকে চিকিৎসা দিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) মেডিসিন অনুষদের ডিন অধ্যাপক এ বি এম আবদুল্লাহ। তিনি একাধিক রোগীর ডায়রিয়ার কথা প্রথম আলোকে জানিয়েছেন। তিনি বলেন, ‘জ্বরের প্রচণ্ডতায় মানুষ ধনুকের মতো বেঁকে যায়, অজ্ঞান হয়ে যায়।’
স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের অধ্যাপক অনুপ কুমার সাহা বলেন, বেশ কিছু রোগীর মুখে ঘা পাওয়া গেছে। অনেকেই পেটে ব্যথার কথা বলেন।
আইইডিসিআর তাদের ওয়েবসাইটে চিকুনগুনিয়ার ছয়টি লক্ষণ বর্ণনা করেছে: হঠাৎ জ্বর সঙ্গে গিটে ব্যথা, প্রচণ্ড মাথাব্যথা, শরীরে ঠান্ডা অনুভূতি, বমি ভাব বা বমি, চামড়ায় লালচে দানা এবং মাংসপেশিতে ব্যথা। বিশ্ব স্বাস্থ্য সংস্থাও এসব লক্ষণের কথা বলেছে। আইইডিসিআরের তালিকা মূলত বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে অনুসরণ করে তৈরি।
এ ব্যাপারে আইইডিসিআরের পরিচালক অধ্যাপক মীরজাদী সেব্রিনা প্রথম আলোকে বলেন, ‘বিশ্ব স্বাস্থ্য সংস্থা রোগের সাধারণ লক্ষণগুলোই ওয়েবসাইটে দেয়। আমরাও ডায়রিয়া বা আরও কিছু উপসর্গের কথা জানতে পারছি। একদম নতুন কোনো লক্ষণ দেখা যায় কি না, সে বিষয়ে আমরা সতর্ক আছি।’
গত এক দেড় মাসে বেশ কিছু চিকুনগুনিয়ার রোগীর সঙ্গে এই প্রতিবেদকের কথা হয়েছে। তাঁরা নানা ধরনের জটিলতার কথা বলেছেন। ৫ জুলাই বাংলাদেশ প্রেস ইনস্টিটিউটের এক কর্মকর্তা বলেন, ‘আড়াই মাস আগে জ্বর হয়েছিল। এখনো হাঁটতে পারি না, হাঁটু ভাঁজ করতে পারি না। এর নাকি চিকিৎসা নাই।’
দীর্ঘমেয়াদি গিঁটে ব্যথা, চলতে-ফিরতে অসুবিধা, অবসাদ, খাওয়ায় অরুচি এই ধরনের কথা অনেক মানুষের কাছ থেকে শোনা যাচ্ছে। আইইডিসিআরের ওয়েবসাইটে বলা হয়েছে, এর কোনো সুনির্দিষ্ট চিকিৎসা নেই।
আইইডিসিআরের পরিচালক বলেন, ‘আমরাও বিষয়টি নিয়ে ভাবছি। নতুন চিকিৎসাপদ্ধতি বের করা নিয়ে বিএসএমএমইউর সঙ্গে কাজ শুরু করেছি।’ তিনি বলেন, তাঁদের প্রতিষ্ঠানে শনাক্ত হওয়া রোগীদের তাঁরা পর্যবেক্ষণে রেখেছেন। সেই পর্যবেক্ষণ থেকে অনেক তথ্য পাওয়া যাবে বলে তিনি মনে করেন।
আইইডিসিআরের ওয়েবসাইটে দেখা যায়, চিকুনগুনিয়ার এখন যে প্রাদুর্ভাব চলছে, তা শুরু হয়েছিল গত বছর ২২ ডিসেম্বর। এখন পর্যন্ত ৬৮০ জনের নমুনা আইইডিসিআরের পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে ৫৪৪ জনের রোগ শনাক্ত হয়েছে বলে প্রতিষ্ঠানের পক্ষ থেকে জানানো হয়েছে।