লক্ষাধিক দরিদ্রের জন্য ১৪০টি কম্বল!
কক্সবাজারের মহেশখালী উপজেলায় শীতার্ত লক্ষাধিক হতদরিদ্র মানুষের জন্য মাত্র ১৪০টি কম্বল বরাদ্দ দেওয়া হয়েছে। এই কয়টি কম্বল বিতরণ করতে গিয়ে বিপাকে পড়ায় এগুলো এলাকাভিত্তিক বিতরণ না করে এতিমখানা, হাসপাতাল, মসজিদ ও মন্দিরে বিতরণের সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন।উপজেলার আটটি ইউনিয়নের লোক সংখ্যা তিন লক্ষাধিক। এর মধ্যে হতদরিদ্র দুস্থ মানুষই আছে লক্ষাধিক। বিশেষ করে কুতুবজোম ইউনিয়নের সোনাদিয়া ও ধলঘাটা; মাতারবাড়ী ইউনিয়নের পশ্চিম এলাকা ও ছোট মহেশখালী এবং শাপলাপুর ইউনিয়নের পাহাড়ি এলাকার লোকজন অনেক গরিব। শীত মোকাবিলা করার জন্য কম্বল কেনার সামর্থ্য নেই তাঁদের। ফলে কনকনে শীতে তাঁদের দুর্ভোগ অনেক বেড়ে যায়।সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, হতদরিদ্র শীতার্ত মানুষের মধ্যে বিতরণের জন্য এবার উপজেলায় সরকারিভাবে ১৪০টি কম্বল বরাদ্দ দেওয়া হয়েছে। গত সোমবার এসব কম্বল উপজেলা প্রশাসনের কাছে পৌঁছানোর পর তা বিতরণ করা নিয়ে বিপাকে পড়ে তারা।মহেশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ টি এম কাউসার হোসেন বলেন, ‘প্রয়োজনের তুলনায় বরাদ্দ অতি সামান্য। মাত্র ১৪০টি শীতের কম্বল বরাদ্দ পেয়েছি। এ কারণে ইউনিয়ন পর্যায়ে কম্বল বরাদ্দ দেওয়া সম্ভব হয়নি। তবে বরাদ্দকৃত কম্বলগুলো এতিমখানা, হাসপাতাল, মসজিদ ও মন্দিরে গিয়ে হতদরিদ্র লোকদের মধ্যে বিতরণ করা হবে।’কুতুবজোম ইউনিয়নের সোনাদিয়া এলাকার দিনমজুর আবুল কাসেম বলেন, ‘একদিন কাজ না পেলে পরিবার-পরিজন নিয়ে উপোস করতে হয়। এর মধ্যে শীতের কম্বল কেনার টাকা পাব কই। সরকারি কম্বল কোনো দিন কপালে জোটেনি।’একই এলাকার বাসিন্দা বৃদ্ধা ছৈয়দা বেগম বলেন, ‘শীতেল্যায় রাতিয়া ঘুম ন’অয়াইয়ে। গরম হর টিয়াল্যাই কিনিত ন পারির বাজি।’