
প্রবল জোয়ারে কক্সবাজারের কুতুবদিয়ায় বেড়িবাঁধ ভেঙে প্লাবিত হয়েছে ৫৫টি গ্রাম। বিধ্বস্ত হয়েছে অর্ধশতাধিক বসতবাড়ি। এদিকে ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে প্লাবিত হয়েছে শেরপুরের ১০টি গ্রাম। একই কারণে তিস্তার পানি অস্বাভাবিক বেড়ে নীলফামারীর দুই উপজেলার ১৫টি এবং লালমনিরহাট ও রংপুরের আরও কয়েকটি গ্রাম তলিয়ে গেছে। বগুড়ার ধুনটেও যমুনার পানি বেড়ে পাঁচটি গ্রাম প্লাবিত হয়েছে। পানিবন্দী হয়ে পড়েছে জেলাগুলোর লক্ষাধিক মানুষ। বিভিন্ন স্থানে তলিয়ে গেছে সদ্য রোপণ করা আমনসহ হাজার হাজার একর শস্যখেত।
এদিকে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বন্যা তথ্যকেন্দ্রের সংবাদ বিজ্ঞপ্তির বরাত দিয়ে গতকাল শনিবার বাসস জানিয়েছে, দেশের চারটি স্থানে নদ-নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বাড়ছে সব নদ-নদীর পানি।
কক্সবাজার: পূর্ণিমার ভরা জোয়ারে গত শুক্রবার সাগরদ্বীপ কুতুবদিয়ায় পাউবোর পাঁচ কিলোমিটার বেড়িবাঁধ বিলীন হয়ে গেছে। ডুবে গেছে অর্ধশতাধিক গ্রামের কয়েক হাজার ঘরবাড়ি। আটকা পড়েছে ৬০ হাজার মানুষ। এর আগে জলোচ্ছ্বাস ও জোয়ারে প্রায় ১১ কিলোমিটার বেড়িবাঁধ বিলীন হয়ে যায়। প্রায় ৪০ কিলোমিটার বেড়িবাঁধের ১৬ কিলোমিটারই বিলীন হয়ে যাওয়ায় এ উপজেলার দেড় লাখ মানুষ বাস করছে দারুণ ঝুঁকির মুখে।
উপজেলা পরিষদের চেয়ারম্যান এ টি এম নুরুল বশর চৌধুরী বলেন, নানা চেষ্টা-তদবিরের পরও ভাঙা বেড়িবাঁধ পুনর্নির্মাণে অর্থ বরাদ্দ মিলছে না। এখন অবশিষ্ট বাঁধ ভেঙে গেলে দেড় লাখ মানুষকে বাড়িঘর ছেড়ে অন্যত্র আশ্রয় নিতে হবে। মাত্র দুই দিনে ১০টি পয়েন্টে ওই পাঁচ কিলোমিটার বাঁধ বিলীন হয়।
পরিস্থিতি সরেজমিন দেখতে আজ রোববার সকালে হেলিকপ্টারযোগে কুতুবদিয়া যাচ্ছেন পানিসম্পদমন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ। পরে তিনি টেকনাফের শাহপরীর দ্বীপ যাবেন। সম্প্রতি এ দ্বীপের বেড়িবাঁধ ভেঙে ৪০ হাজার মানুষ পানিবন্দী জীবন কাটাচ্ছে।
শেরপুর: বন্যায় জেলার ঝিনাইগাতী উপজেলার ১০টি গ্রাম—বনগাঁও, চতল, বাগেরভিটা, ফাকরাবাদ, কাংশা, দড়িকালিনগর, সারিকালিনগর, পাগলারমুখ, আয়নাপুর ও বগাডুবি প্লাবিত হয়েছে। পাঁচ দিন ধরে চলা টানা বর্ষণের মধ্যে ভারতের মেঘালয় থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সীমান্তবর্তী উপজেলাটিতে এই বন্যা দেখা দিয়েছে। পানিবন্দী হয়ে পড়েছে ওই সব গ্রামের কয়েক শ পরিবার।
নীলফামারী: ভারী বর্ষণ ও উজান থেকে ধেয়ে আসা পাহাড়ি ঢলে ফুঁসে উঠেছে তিস্তা। এতে শুক্রবার রাত থেকে দেশের সর্ববৃহৎ সেচ প্রকল্প তিস্তা ব্যারাজ পয়েন্টে পানি বিপৎসীমার অনেকটা ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। আগের দিনই পানি বিপৎসীমা অতিক্রম করে। পানি উপচে ডিমলা ও জলঢাকা উপজেলার ১৫টি গ্রামের পাঁচ সহস্রাধিক পরিবার পানিবন্দী হয়ে পড়েছে।
পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস সতর্কীকরণ কেন্দ্রের সূত্রমতে, তিস্তা ব্যারাজ পয়েন্টে নদীর পানি শুক্রবার সকাল ছয়টায় বিপৎসীমার ২০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হলেও রাতে ৩৫ সেন্টিমিটার ওপরে উঠে যায়।
পাউবোর ডালিয়া অঞ্চলের নির্বাহী প্রকৌশলী মাহবুবর রহমান বলেন, গতকাল সকাল ছয়টার দিকে ওই পয়েন্টে পানি ৫২ দশমিক ৬০ সেন্টিমিটার দিয়ে প্রবাহিত হলেও, বেলা তিনটায় ৫২ দশমিক ৫২ সেন্টিমিটার দিয়ে প্রবাহিত হয়। সন্ধ্যায় বিপৎসীমার ১২ সেন্টিমিটার ওপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছিল। রাতে পানি কিছুটা বাড়তে পারে। ব্যারাজের সব কয়টি গেট খুলে পরিস্থিতি মোকাবিলা করা হচ্ছে।
লালমনিরহাট: পাহাড়ি ঢল ও ভারী বর্ষণে এ জেলার প্রায় আট হাজার পরিবার পানিবন্দী হয়ে পড়েছে। গতকাল আদিতমারী উপজেলার মহিষখোঁচা ইউনিয়নের দক্ষিণ বালাপাড়া গ্রামে গিয়ে দেখা যায়, প্রায় এক কিলোমিটার ক্রসবাঁধ (মাটির বাঁধ) বন্যার পানির তোড়ে ভেঙে গেছে। ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মোসাদ্দেক আলী চৌধুরী বলেন, গত দুই দিনে বন্যায় তাঁর ইউনিয়নের আট শর মতো পরিবার পানিবন্দী হয়ে পড়েছে।
জেলা ত্রাণ ও পুনর্বাসন কার্যালয়ের সূত্র অনুযায়ী, বন্যায় গত দুই দিনে হাতীবান্ধা উপজেলার সাতটি ইউনিয়নের এক হাজার ৮১টি পরিবার পুরোপুরি ও পাঁচ হাজার ৩৪৫টি পরিবার আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে।
রংপুর: তিস্তা ব্যারাজের সব গেট খুলে দেওয়ায় রংপুরের গঙ্গাচড়া উপজেলার কোলকোন্দ ও লক্ষ্মীটারী ইউনিয়নের সাতটি গ্রাম বন্যাকবলিত হয়ে পড়েছে। কোলকোন্দ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মোমিনুল ইসলাম জানান, এ ইউনিয়নে প্রায় দেড় হাজার পরিবার পানিবন্দী হয়ে পড়েছে। লক্ষ্মিটারী ইউপি চেয়ারম্যান ফয়সাল হাসান জানান, এখানে পাঁচ পরিবার পানিবন্দী হয়ে পড়েছে।
বগুড়া: বগুড়ার ধুনটে যমুনার পানি বৃদ্ধি পেয়ে বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে যমুনার পূর্ব পাশে চরাঞ্চলের পাঁচটি গ্রাম—বৈশাখী, রাধানগর, আটার চর, বথুয়ারভিটা, ভুতমারি প্লাবিত হয়েছে। এসব এলাকার লোকজন বাড়িঘর ছেড়ে বন্যানিয়ন্ত্রণ বাঁধে আশ্রয় নিয়েছে।
এদিকে সারিয়াকান্দির রয়াদহ এলাকার দুটি স্থানে প্রায় ৪০০ মিটার বন্যানিয়ন্ত্রণ বাঁধ ভেঙে গেছে। বালুর বস্তা ফেলে বেড়িবাঁধ দিয়ে আরও ভাঙন ঠেকানোর চেষ্টা করছে পাউবো।
{প্রতিবেদন তৈরিতে সহায়তা করেছেন নিজস্ব প্রতিবেদক, কক্সবাজার এবং শেরপুর, নীলফামারী, রংপুর ও ধুনট (বগুড়া) প্রতিনিধি}