লক্ষ্মীচাপে আ.লীগ প্রার্থীর বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দ্বিতীয় দফা ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে ৩১ মার্চ নীলফামারী সদরের পাঁচটি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে। তবে উপজেলার লক্ষ্মীচাপ ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের প্রার্থীর বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ করেছেন অধিকাংশ প্রার্থী।
চেয়ারম্যান পদে লক্ষ্মীচাপে প্রতিদ্বন্দ্বিতা করছেন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা (আওয়ামী লীগ), সদর উপজেলা বিএনপির সহসভাপতি মো. আশরাফ হোসেন (বিএনপি), ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শ্যামচরণ রায় (স্বতন্ত্র) ও ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি বর্তমান চেয়ারম্যান আমিনুর রহমান (স্বতন্ত্র)।
গতকাল শুক্রবার সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত লক্ষ্মীচাপের বিভিন্ন বাজার, পাড়া, মহল্লা ও গ্রাম ঘুরে দেখা যায়, প্রার্থী ও প্রার্থীর সমর্থকেরা ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন। চলছে প্রচার-প্রচারণা। পোস্টারে পোস্টারে ছেয়ে গেছে বিভিন্ন হাটবাজার, রাস্তাঘাট পুল-কালভার্ট। বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠান ও বসতবাড়ির দেয়ালেও লাগানো হয়েছে পোস্টার। কয়েকজন ভোটার বলেন, ‘প্রার্থী ও প্রার্থীর সমর্থকেরা আসছেন, আমরা সবার কথা শুনছি। তবে ভোট দেওয়া যাবে কি না, এ নিয়ে তাঁদের অনেকের মধ্যে সন্দেহ আছে।’
স্বতন্ত্র প্রার্থী শ্যামচরণ রায় বলেন, ‘আওয়ামী লীগের প্রার্থী ও তাঁর কর্মী-সমর্থকেরা বলে বেড়াচ্ছেন, একটা ভোট পেলেও আমরা চেয়ারম্যান হব, প্রয়োজনে নীলফামারীতে ভোট গণনা হবে। ভোটারদের বলছেন, আমার এজেন্টদের সামনে প্রকাশ্যে ভোট দিতে হবে। তাঁরা ভোটারদের ভয়ভীতি দেখাচ্ছেন।’
আমিনুর রহমান বলেন, ‘আওয়ামী লীগের প্রার্থী তাঁর পোস্টারে বঙ্গবন্ধুর ছবি ব্যবহার করেছেন। তিনি (আওয়ামী লীগের প্রার্থী) হুংকার দিচ্ছেন, একটা ভোট পেলেও নাকি তিনি চেয়ারম্যান হবেন। এতে ভোটাররা আতঙ্কিত। আমরা চাই সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হোক। আর বিএনপির প্রার্থী আমাদের সভা-সমাবেশে ব্যারিকেড সৃষ্টি করে, কর্মী ও ভোটারদের বিভিন্ন মামলা-মোকদ্দমার ভয় দেখাচ্ছেন। এসব অভিযোগ আমি নীলফামারী শিল্পকলা অডিটরিয়ামে অনুষ্ঠিত প্রার্থীদের সঙ্গে প্রশাসনের মতবিনিময় সভায়ও তুলে ধরেছি।’
অভিযোগ অস্বীকার করে আশরাফ হোসেন বলেন, আমিনুর বলে বেড়াচ্ছেন, তিনি তাঁর বাড়ির পাশে ৪ নম্বর কেন্দ্র দখল করে সব ভোট নিয়ে নেবেন।
প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের অভিযোগ অস্বীকার করে গোলাম মোস্তফা বলেন, ‘ওই কথাগুলো আমিনুরের। তিনি (আমিনুর) প্রশাসনের সঙ্গে মতবিনিময় সভায়ও ওই কথাগুলো বলেছেন। অথচ তিনিই ভোট ডাকাতি করে চেয়ারম্যান হয়েছেন। আমি এবারই প্রথম ভোট করছি। দেয়াল ও বঙ্গবন্ধুর ছবিসহ পোস্টারগুলো আমি সরিয়ে ফেলেছি।’
এ বিষয়ে জানতে চাইলে লক্ষ্মীচাপ ইউপি নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা আবদুল ওয়াহেদ মণ্ডল বলেন, ‘দেয়ালে, খুঁটিতে বা বেড়ায় লাগানো পোস্টার হয়তো প্রত্যন্ত এলাকায় কিছু থাকতে পারে। এ বিষয়ে প্রার্থীদের সতর্ক করেছি। এরপরও থাকলে বিষয়টি দেখা হবে। বঙ্গবন্ধুর ছবিসংবলিত পোস্টার না লাগানোর ব্যাপারে বলা হয়েছে।’ তিনি আরও বলেন, ‘ভোট সুষ্ঠু নিরপেক্ষ হবে, এ ব্যাপারে আমরা নিশ্চয়তা দিচ্ছি। এখনো আচরণবিধি লঙ্ঘনের লিখিত অভিযোগ পাইনি। পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’