লক্ষ্মীছড়িতে খাদ্যগুদাম নির্মাণের দাবি
খাগড়াছড়ির লক্ষ্মীছড়ি উপজেলার জন্য সরকারি বরাদ্দ পাওয়া খাদ্যশস্য পাশের মানিকছড়ি উপজেলার খাদ্যগুদাম থেকে তুলতে হচ্ছে। লক্ষ্মীছড়িতে কোনো খাদ্যগুদাম না থাকায় বছরের পর পর বছর এই অবস্থা চলে আসছে। ফলে খাদ্যশস্য উত্তোলন ও বণ্টনে সমস্যায় পড়তে হয় উপজেলা প্রশাসন ও জনপ্রতিনিধিদের।
লক্ষ্মীছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শওকত ওসমান জানান, খাদ্যগুদাম না থাকায় মানুষকে নানা ভোগান্তিতে পড়তে হচ্ছে।
উপজেলা প্রশাসন সূত্র জানায়, ইউনিয়ন পর্যায়ে অবকাঠামো উন্নয়ন, সংস্কার, নির্মাণসহ বিভিন্ন সরকারি কর্মসূচিতে খাদ্যশস্য বরাদ্দ দেওয়া হয়। এ ছাড়া পুনর্বাসিত বাঙালি গুচ্ছগ্রামের বাসিন্দাদের প্রতি মাসে রেশন হিসেবে খাদ্যশস্য দেওয়া হয়। উপজেলায় খাদ্যগুদাম না থাকায়, বরাদ্দ করা খাদ্যশস্য মানিকছড়ি উপজেলা খাদ্যগুদাম থেকে আনতে হয়। লক্ষ্মীছড়ি উপজেলা সদর থেকে মানিকছড়ি উপজেলা সদরের দূরত্ব ১৪ কিলোমিটার। খাদ্যশস্য উত্তোলনের পর তা আনা-নেওয়ার ভাড়াও বরাদ্দ পাওয়া ব্যক্তিদের বহন করতে হয়। এ ছাড়া খাদ্যশস্য তুলতে গিয়ে নানা ভোগান্তিতে পড়তে হয়।
দীর্ঘদিন ধরে জনপ্রতিনিধিরা লক্ষ্মীছড়ি উপজেলায় খাদ্যগুদাম স্থাপনের দাবি করে আসছেন। সর্বশেষ গত এপ্রিল মাসে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের মাসিক সমন্বয় সভায় খাদ্যগুদাম স্থাপনের বিষয়ে আলোচনা হয়।
লক্ষ্মীছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান সুপার জ্যোতি চাকমা বলেন, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিভিন্ন উন্নয়ন কর্মসূচিতে খাদ্যশস্য বরাদ্দ দেওয়া হয়। এ নিয়ে নানা ভোগান্তিতে পড়েন জনপ্রতিনিধিরা। খাদ্যগুদাম নির্মাণ করা জরুরি হয়ে পড়েছে।