লক্ষ্মীছড়ি উপজেলা চেয়ারম্যান সাময়িক বরখাস্ত
খাগড়াছড়ির লক্ষ্মীছড়ি উপজেলা চেয়ারম্যান সুপার জ্যোতি চাকমাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। তাঁর বিরুদ্ধে অস্ত্র আইনে মামলার অভিযোগপত্র আদালতে গৃহীত হওয়ায় উপজেলা পরিষদ আইন অনুযায়ী এমন ব্যবস্থা নেওয়া হয়েছে।
লক্ষ্মীছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাহিদ ইকবাল জানান, গত মঙ্গলবার সন্ধ্যায় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের ওয়েবসাইটে এ–সংক্রান্ত তথ্য প্রকাশিত হয়। কিন্তু এখনো এ বিষয়ে কোনো লিখিত নির্দেশনা আসেনি। সাময়িক বরখাস্তের আদেশ জারি হওয়ার পর উপজেলা চেয়ারম্যান কার্যালয়ে যাননি।
উপজেলা প্রশাসন ও লক্ষ্মীছড়ি থানা সূত্রে জানা গেছে, সুপার জ্যোতি চাকমার বিরুদ্ধে লক্ষ্মীছড়ি থানায় গত ২ জানুয়ারি দায়ের হওয়া অস্ত্র মামলার অভিযোগপত্র আদালতে গৃহীত হয়। এতে তাঁর দ্বারা উপজেলা পরিষদের ক্ষমতা প্রয়োগ জনস্বার্থের পরিপন্থী হবে মনে করে সরকার এমন সিদ্ধান্ত নিয়েছে বলে ওই বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
লক্ষ্মীছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিফ ইকবাল জানান, চলতি বছরের ২ জানুয়ারি রাতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সুপার জ্যোতি চাকমার বাসভবনে তল্লাশি চালিয়ে একটি পিস্তল ও পাঁচ রাউন্ড গুলি উদ্ধার করে। এ সময় আগ্নেয়াস্ত্র রাখার পক্ষে কোনো বৈধ কাগজপত্র তিনি দেখাতে পারেননি বলে তাঁকে গ্রেপ্তার করে অস্ত্র আইনে মামলা করা হয়। বর্তমানে তিনি জামিনে আছেন।
এ ব্যাপারে জানতে চেয়ে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) থেকে নির্বাচিত লক্ষ্মীছড়ি উপজেলার চেয়ারম্যান সুপার জ্যোতি চাকমার মুঠোফোনে যোগাযোগ করেও তাঁকে পাওয়া যায়নি।