লক্ষ্মীছড়িতে ইউএনও নেই ছয় মাস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খাগড়াছড়ির লক্ষ্মীছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) পদ ছয় মাস ধরে শূন্য। এতে উপজেলার দাপ্তরিক কার্যক্রমে বিঘ্ন ঘটছে।
উপজেলা প্রশাসন সূত্র জানায়, ২০১৬ সালের ১৪ জুলাই লক্ষ্মীছড়ির ইউএনও মোহাম্মদ শওকত ওসমান বদলি হয়ে যান। এরপর থেকে ইউএনওর পদ শূন্য। ১৭ জুলাই মানিকছড়ি উপজেলার তৎকালীন ইউএনও যুথিঁকা সরকারকে লক্ষ্মীছড়ির অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়। তিনি গত ২৪ নভেম্বর বদলি হয়ে গেলে লক্ষ্মীছড়ির অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয় মানিকছড়ির বর্তমান ইউএনও বিনিতা রানীকে।
ইউএনওর গোপনীয় সহকারী পলাশ চাকমা জানান, ছয় মাস ধরে ইউএনও না থাকায় দাপ্তরিক কার্যক্রম বিঘ্নিত হচ্ছে। সপ্তাহে দুই দিন মানিকছড়ি উপজেলার ইউএনও লক্ষ্মীছড়িতে অফিস করেন। অনেক সময় গুরুত্বপূর্ণ ফাইলপত্র মানিকছড়ি নিয়ে কাজ করিয়ে আনতে হয়। ছয় মাস ধরে ইউএনও না থাকায় উপজেলার ২৮টি বিভাগের দাপ্তরিক কাজ ব্যাহত হচ্ছে।
নাম প্রকাশে অনিচ্ছুক উপজেলার কয়েকজন ব্যক্তি বলেন, ইউএনওর পদ শূন্য হওয়ার পর থেকে বিভিন্ন বিভাগের প্রশাসনিক কাজ ঠিকমতো হয় না।
দুল্যাতলী ইউনিয়ন পরিষদের (ইউএনও) চেয়ারম্যান ত্রিলন চাকমা দয়াধন বলেন, ইউএনও না থাকায় সাধারণ মানুষকে ভোগান্তি পোহাতে হচ্ছে।
মানিকছড়ির ইউএনও বিনিতা রানী বলেন, দুটি উপজেলার দায়িত্ব পালন করার কারণে জনগণকে সেবা দিতে একটু সমস্যা হচ্ছে।
খাগড়াছড়ির জেলা প্রশাসক মুহাম্মদ ওয়াহিদুজ্জামান বলেন, লক্ষ্মীছড়ি উপজেলার ইউএনওর পদ শূন্য থাকার বিষয়টি একাধিকবার মন্ত্রণালয়ে জানানো হয়েছে। মন্ত্রণালয় থেকে কাউকে না দেওয়ায় মানিকছড়ির ইউএনওকে দিয়ে লক্ষ্মীছড়ির কার্যক্রম চালাতে হচ্ছে।