লক্ষ্মীছড়িতে দুই আঞ্চলিক দলের মধ্যে বন্দুকযুদ্ধ
খাগড়াছড়ি জেলার লক্ষ্মীছড়ি উপজেলার বর্মাছড়ি ইউনিয়নের লাম্বাটিলা এলাকায় সন্তু লারমা-সমর্থিত পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি ও ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) মধ্যে গতকাল মঙ্গলবার দুপুর দেড়টায় বন্দুকযুদ্ধের খবর পাওয়া গেছে। স্থানীয় পুলিশ বন্দুকযুদ্ধের খবর নিশ্চিত করেছে।জানা যায়, উপজেলা থেকে অন্তত ১৫ কিলোমিটার দূরে বর্মাছড়ি ইউনিয়নের লাম্বাটিলা এলাকায় এই বন্দুকযুদ্ধ হয়। যুদ্ধে একজন নিহত হওয়ার খবর পাওয়া গেলেও কোনো সূত্রই নিশ্চিত করতে পারেনি। উল্লেখ্য, লক্ষ্মীছড়ি উপজেলা সদর থেকে বর্মাছড়ি ইউনিয়নের সরাসরি কোনো সড়ক যোগাযোগ নেই।ইউপিডিএফ লক্ষ্মীছড়ি ইউনিটের সদস্য সুজেন চাকমা মুঠোফোনে জানান, সন্তু লারমা-সমর্থিত বোরকা পার্টির (স্থানীয়ভাবে বোরকা পার্টি নামে পরিচিত) সশস্ত্র সদস্যরা ইউপিডিএফের কর্মীদের ওপর আক্রমণ চালায়। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।সন্তু লারমা-সমর্থিত জনসংহতি সমিতি লক্ষ্মীছড়ি উপজেলা শাখার সভাপতি ধীমান চাকমা মুঠোফোনে জানান, ‘গোলাগুলির খবর আমরাও শুনেছি। এতে একজন নিহত হয়েছেন বলেও শুনেছি। তবে উক্ত এলাকায় আমাদের সংগঠনের কোনো কার্যক্রম নেই। সম্ভবত এটি তাদের (ইউপিডিএফ) অভ্যন্তরীণ কোন্দলের ঘটনা ঘটতে পারে।’লক্ষ্মীছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুল হাসান বলেন, ‘গোলাগুলির খবর আমরাও শুনেছি। তবে ঘটনাস্থল থানা থেকে দূরে ও দুর্গম হওয়ায় সেখানে কী ঘটেছে, তা নিশ্চিত হওয়া যায়নি।’