লক্ষ্মীছড়িতে দুই যুবক হত্যার ঘটনায় নিন্দা
খাগড়াছড়ির লক্ষ্মীছড়ি উপজেলায় আদিবাসী দুই যুবককে হত্যার ঘটনায় পার্বত্য চট্টগ্রাম নাগরিক কমিটি তীব্র নিন্দা জানিয়েছে।গতকাল শুক্রবার পার্বত্য চট্টগ্রাম নাগরিক কমিটির সভাপতি গৌতম দেওয়ান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, রাজনৈতিক দলগুলোর অগণতান্ত্রিক মনোভাবের কারণে পার্বত্য এলাকায় প্রতিনিয়ত তরুণ-যুবকদের প্রাণহানির ঘটনা ঘটছে। এ ভ্রাতৃঘাতী সংঘাত বন্ধ না হলে রাজনৈতিক দলগুলোর প্রতি সাধারণ মানুষ আস্থাহীন হয়ে পড়বে। এতে রাজনৈতিক দলগুলোর আন্দোলনও স্তিমিত হয়ে পড়বে বলে আশঙ্কা প্রকাশ করা হয়।গত বুধবার রাতে খাগড়াছড়ি জেলার লক্ষ্মীছড়ি উপজেলা সদরের দুর্গাছড়ি এলাকায় মনায়্যা চাকমা (২৫) ও শান্তিময় চাকমা (১৮) নামের দুই যুবককে ব্রাশফায়ারে হত্যা করা হয়। স্থানীয় লোকজন নিহত যুবকদের সন্তু লারমার নেতৃত্বাধীন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির সদস্য বলে জানান। তবে জনসংহতি সমিতি নিহত যুবকদের এলাকার নিরীহ যুবক বলে দাবি করে ঘটনার জন্য প্রতিপক্ষ ইউপিডিএফকে দায়ী করেছে।