নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের গোদনাইলে অবস্থিত নিউ লক্ষ্মীনারায়ণ কটন মিলে গতকাল বৃহস্পতিবার রাতে দফায় দফায় হামলা চালিয়েছে সন্ত্রাসীরা। তারা অংশীদারদের ৪০টি বসতঘর ভাঙচুর করে। আন্দোলনরত অংশীদার ও তাঁদের পরিবারের ২০ সদস্যকে কুপিয়ে জখম করে।
আহতদের মধ্যে কারখানাটির অংশীদার তামলেক মিয়া (৬২), এনামুল হক (৬৫), জাহাঙ্গীর আলম (৬০) ও সাহার আলী (৫২), দুলারী (২০), নাজমুননেছা (৩৫), আমেনা (৩০), মন্দির কমিটির দপ্তর সম্পাদক বিদ্যুৎ সরকার মিঠু (৩৮), দিপু চন্দ্র সরকার (৩২), সাইফুল (২৮), লক্ষ্মীনারায়ণ কটন মিল উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণীর এক ছাত্রীর পরিচয় পাওয়া গেছে।
হামলায় আহত কয়েকজন অংশীদার জানান, গতকাল রাত সাড়ে আটটার দিকে নিট কনসার্ন গ্রুপের মালিক জয়নাল আবেদীন মোল্লার ছোট ভাই মনির হোসেন ওরফে মনার নেতৃত্বাধীন বহিরাগত সন্ত্রাসীরা অস্ত্রশস্ত্র নিয়ে কারখানায় ঢুকে আন্দোলনরত অংশীদারদের বাড়িঘরে হামলা চালাতে থাকে। তারা অন্তত ৪০ জন অংশীদারের বাড়ি ভাঙচুর করে। এ সময় বাধা দিতে এলে সন্ত্রাসীরা অংশীদার ও তাঁদের পরিবারের সদস্যদের ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে। এতে নারীসহ অন্তত ২০ জন আহত হন।
হামলার সময় সন্ত্রাসীরা মুক্তিযোদ্ধা বিজয় সরকারের বাসায় থাকা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবিও ভাঙচুর করে বলে অভিযোগ পাওয়া গেছে। ঘণ্টাব্যাপী তাণ্ডব চললেও পুলিশ ঘটনাস্থলে এসে পৌঁছায় অনেক দেরিতে।
এর আগে ১৫ এপ্রিল সন্ত্রাসীরা কারখানা কলোনির স্থাপনা ভেঙে গেট তৈরি করে। অংশীদারেরা এর প্রতিবাদ করায় ১৬ এপ্রিল মৃত অংশীদার শীতল চন্দ্র মণ্ডলের ছেলে বিকাশ চন্দ্র মণ্ডলকে জখম করে। ২২ এপ্রিল সন্ত্রাসীরা অংশীদারদের বাড়ি বাড়ি গিয়ে হামলা চালিয়ে তালা লাগিয়ে দেয়। নারীদের শ্লীলতাহানী করে।
এসব ঘটনার প্রতিবাদে ও হামলাকারীদের গ্রেপ্তারের দাবিতে গত বুধবার নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে কারখানাটির শেয়ারহোল্ডার স্বার্থ রক্ষা সংগ্রাম কমিটির উদ্যোগে মানববন্ধন করা হয়। এরই মধ্যে গতকাল রাতে ফের হামলার ঘটনা ঘটল।
সহকারী পুলিশ সুপার (ক অঞ্চল) আজিমুল আহসান গতকাল রাতে জানান, খবর পেয়ে সিদ্ধিরগঞ্জ থানার পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। লক্ষ্মীনারায়ণের অংশীদারেরা অভিযোগ দিলে মামলা নেওয়া হবে। ঘটনাস্থলে যাওয়া সিদ্ধিরগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) উত্তম বসতবাড়ি ভাঙচুর ও হামলায় আহত হওয়ার বিষয়টি স্বীকার করলেও বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি ভাঙচুরের বিষয়টি জানেন না বলে জানান।