লক্ষ্মীনারায়ণ কটন মিলের অংশীদারদের অনশন
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের গোদনাইলে অবস্থিত নিউ লক্ষ্মীনারায়ণ কটন মিলের অংশীদারেরা (শেয়ারহোল্ডার) গতকাল মঙ্গলবার অনশন করেছেন। প্রায় আট মাস ধরে মিলের বিদ্যুৎ ও গ্যাস-সংযোগ বিচ্ছিন্ন করে রাখার প্রতিবাদে এ অনশন করা হয়।
মিলের ভেতরে গোলক্লাব মাঠে সকাল ১০টায় অনশন শুরু করে লক্ষ্মীনারায়ণ কটন মিল শেয়ারহোল্ডার স্বার্থ রক্ষা সংগ্রাম কমিটি। কমিটির সভাপতি জাহাঙ্গীর আলম বলেন, ৭০০ কোটি টাকা মূল্যের মিলটি মাত্র ৩৫ কোটি টাকায় দখলে নিতে চাইছে নিট কনসার্ন গ্রুপ। এর প্রতিবাদে দেড় বছর ধরে আন্দোলন করছেন অংশীদারেরা। এ জন্য দুই দফা আদালতে রিটও করা হয়েছে।
কিন্তু আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করেই চলছে মিলের স্থাবর ও অস্থাবর সম্পদ উচ্ছেদের কার্যক্রম। নিট কনসার্ন গ্রুপের চেয়ারম্যান জয়নাল আবেদীন মোল্লার ভাই মনির হোসেন ওরফে মনার নেতৃত্বে একের পর এক হামলার ঘটনা ঘটছে। ফলে কয়েক মাস ধরে চরম আতঙ্কের মধ্যে রয়েছেন আন্দোলনরত মিলের অংশীদার ও তাদের পরিবারের সদস্যরা। মনির হোসেনের মুঠোফোনে কল দিলেও তিনি ফোন ধরেননি।