নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের গোদনাইলে অবস্থিত নিউ লক্ষ্মীনারায়ণ কটন মিলের আন্দোলনরত অংশীদারদের বসতঘরে হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। খুলে নিয়েছে দরজা-জানালা। গতকাল শুক্রবার বিকেল পাঁচটার দিকে কারখানার পরিচালনা পর্ষদের চেয়ারম্যান সামসুদ্দিন প্রধানের নেতৃত্বে ওই হামলার ঘটনা ঘটে বলে অভিযোগ করেছেন সাধারণ অংশীদারেরা।
অভিযোগ অস্বীকার করে সামসুদ্দিন বলেন, কারখানার ভেতরে কোনো হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেনি।
আন্দোলনরত অংশীদারেরা জানান, ৭০০ কোটি টাকার কারখানা মাত্র ৩৫ কোটি টাকায় নিট কনসার্নের মালিক জয়নাল আবেদীন মোল্লার কাছে হস্তান্তরের চক্রান্তের অংশ হিসেবে সাধারণ অংশীদারদের নানাভাবে ভয়ভীতি প্রদর্শন, হুমকি, গ্যাস ও বিদ্যুৎ-সংযোগ বিচ্ছিন্ন এবং মারধরের ঘটনা ঘটেছে।
প্রত্যক্ষদর্শীরা অংশীদারেরা জানান, গতকাল বিকেল পাঁচটার দিকে চেয়ারম্যান সামসুদ্দিনের নেতৃত্বে তাঁর শ্যালক সিকিউরিটি গার্ডের ইনচার্জ সাখাওয়াত হোসেন ও তাঁদের লোকজন সাধারণ অংশীদারদের বাড়িঘরে হামলা চালান। ভাঙচুর করে ঘরের দরজা-জানালা খুলে নেন। খবর পেয়ে পুলিশ ও র্যাব ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এর আগে বৃহস্পতিবার রাতেও সাধারণ অংশীদারদের বাড়িতে হামলা ও ভাঙচুর করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সিদ্ধিরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) আনিসুজ্জামান সাংবাদিকদের বলেন, দুই পক্ষের মধ্যে হাতাহাতি হয়েছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
গত ২৪ জুন লক্ষ্মীনারায়ণ কটন মিলের অংশীদার নিধু কমল দে ও অন্যদের এক রিট আবেদনের পর কারখানার স্থাবর-অস্থাবর সব ধরনের সম্পদ স্থানান্তর বা হস্তান্তরে ছয় মাসের নিষেধাজ্ঞা জারি করেন আদালত।
একই সঙ্গে নবগঠিত পরিচালনা পর্ষদ কেন বেআইনি হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেন হাইকোর্টের একটি বেঞ্চ।