লক্ষ্মীপুর, চাটখিল কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৮

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সড়ক দুর্ঘটনায় গতকাল মঙ্গলবার লক্ষ্মীপুরে তিনজন ও নোয়াখালীর চাটখিলে তিনজন এবং গত সোমবার কুষ্টিয়ায় দুটি সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছে। আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর:লক্ষ্মীপুর: লক্ষ্মীপুর-চৌমুহনী আঞ্চলিক মহাসড়কের লক্ষ্মীপুর সদর উপজেলার জকসিন বাজারের কাছে গতকাল বেলা ১১টার দিকে যাত্রীবাহী একটি অটোরিকশা এবং একটি তেলবাহী লরির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার যাত্রী জুয়েল (৩২) নিহত হন। আহত হন অটোরিকশার চালক জাহাঙ্গীরসহ পাঁচজন। আহত ব্যক্তিদের মধ্যে মারফত উল্লা (৬০) ও তাঁর ছেলে নুর নবী (৩৫) পরে সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। চন্দ্রগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক মিজানুর রহমান জানান, লরিটি আটক করা হয়েছে।চাটখিল (নোয়াখালী): রামগঞ্জ-সোনাইমুড়ী সড়কের নোয়াখালীর চাটখিল উপজেলার মুন্সির রাস্তা এলাকায় গতকাল সকাল সাতটার দিকে একটি বাস (ঢাকা-চ১১০০) ও একটি সিএনজিচালিত অটোরিকশার (থ-১১-০৫৯২) মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার চালক লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার আলীপুর গ্রামের আল আমিন (৩৫), পূর্ব শোশালিয়া গ্রামের শফিক উল্লার স্ত্রী নাছিমা আক্তার (৩৫) ও অজ্ঞাতনামা এক ব্যক্তি নিহত এবং ১৫ জন বাসযাত্রী আহত হন।কুষ্টিয়া: দৌলতপুর উপজেলার আংদিয়ায় ইটভাটার শ্রমিক আয়নাল (৩০) গত সোমবার বেলা সাড়ে তিনটার দিকে রাস্তা পার হওয়ার সময় ট্রলির ধাক্কায় গুরুতর আহত হন। কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বিকেল পাঁচটায় তিনি মারা যান। একই দিন দুপুরে মিরপুর উপজেলার বহালবাড়িয়া এলাকায় একটি ট্রলির ধাক্কায় ঘটনাস্থলেই ফোরকান আলী (৫৯) নামের এক বৃদ্ধ নিহত হন।