লক্ষ্মীপুর-আলেকজান্ডার সড়কের বেহাল দশা, যাত্রীদের দুর্ভোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লক্ষ্মীপুর-আলেকজান্ডার সড়কটি দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে যাতায়াতের অনুপযোগী হয়ে পড়েছে। রাস্তার অধিকাংশ স্থান খানাখন্দে ভরা। ফলে এ পথে চলাচলকারী রামগতি ও কমলনগর উপজেলার হাজার হাজার মানুষ প্রতিদিন চরম দুর্ভোগ পোহাচ্ছে। সরেজমিন দেখা যায়, লক্ষ্মীপুর-আলেকজান্ডার সড়কজুড়ে অসংখ্য বড় বড় খানাখন্দের সৃষ্টি হয়েছে। সড়কের অধিকাংশ স্থানেই কার্পেটিং উঠে গেছে।যানবাহনের চালক ও যাত্রীরা জানান, ৪০ কিলোমিটার দীর্ঘ এই রাস্তা দিয়ে যানবাহন চালানো খুবই কষ্টকর। এর পরও পরিবার-পরিজন নিয়ে বেঁচে থাকার জন্য চালকেরা জীবনের ঝুঁকি নিয়ে গাড়ি চালাচ্ছেন। যাত্রীরাও ঝুঁকি নিয়ে গাড়িতে যাতায়াত করছেন। মোটরসাইকেলেই এই সড়ক অতিক্রম করতে সময় লাগে দুই ঘণ্টা। বাস ও অটোরিকশায় আরও বেশি সময় লাগে। এ সড়কটির রামগতি উপজেলা পরিষদের সামনে, আলেকজান্ডার বাজার এলাকা, আ স ম রব সরকারি কলেজ এলাকা, বাণী সিনেমা হলের সামনে, রামগতি থানার সামনে, রামগতি ডাকঘরের সামনে, বুড়া কর্তার আশ্রম, জমিদারহাট বাজার এলাকা, জমিদারহাট হাইস্কুলের সামনে, করুণানগর বাজার এলাকা, পশ্চিম কলাকোপা, হাজির হাটবাজার এলাকা, চর জাঙ্গালিয়া, চর লরেঞ্চ, তোরাবগঞ্জ বাজার, ভবানীগঞ্জ চৌরাস্তা, ওয়াপদা অফিস, আবদুল্লাপুর, পিয়ারপুর, নুড়ী গাছতলা ও মিয়া রাস্তার মাথা এলাকার অবস্থা খুবই শোচনীয়। সড়ক ও জনপথ (সওজ) বিভাগ সূত্র জানায়, ২০০৩-০৪ অর্থবছরে এই সড়কটি ৯০ কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হয়। নির্মাণের পরের বছরই রাস্তাটিতে অসংখ্য গর্তের সৃষ্টি হয়। অর্থের অভাবে রাস্তা সংস্কার করা সম্ভব হয়নি। রামগতি উপজেলা পরিষদের চেয়ারম্যান রোকেয়া আজাদ প্রথম আলোকে জানান, রাস্তাটি চলাচলের জন্য এতই অনুপযোগী যে গত চার মাসে তিনি জেলা উন্নয়ন ও আইনশৃঙ্খলা কমিটির সভায় অংশ নেননি। রামগতি মানুষের দুঃখ হলো এই সড়ক এবং মেঘনা নদীর ভাঙন। চরকাদীরা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আশরাফ উদ্দিন বলেন, গর্ভবতী মা-বোনদের লক্ষ্মীপুর হাসপাতালে নেওয়ার পথে অনেক সময় রাস্তাতেই সন্তান প্রসব হয়ে যায়। অনেক মুমূর্ষু রোগী হাসপাতালে নেওয়ার আগে মারা যান।করুণানগর বাজারের মুদি দোকানদার জনক দাস বলেন, রাস্তা খারাপের কারণে লক্ষ্মীপুর কিংবা চৌমুহনী থেকে মালবাহী গাড়ি আসতে চায় না। মণপ্রতি আগের চেয়ে আট টাকা বেশি দিয়ে মালামাল আনতে হয়। স্থানীয় হাইস্কুলের শিক্ষক সানাউল্লাহ সানু জানান, রাস্তার বেহাল দশার কারণে এলাকার ছেলেমেয়েরা নিয়মিত লক্ষ্মীপুর সরকারি কলেজে ক্লাস করতে পারছে না। মিশু পরিবহনের বাস মালিক ও সমিতির সভাপতি ইকবাল হোসেন জানান, এই সড়কে ৫০টি লোকাল বাস চলাচল করত। রাস্তা খারাপের কারণে বর্তমানে ২৬টি গাড়ি চলাচল করছে। অপু পরিবহনের চালক মো. মাহফুজ ও উল্লাস পরিবহনের চালক আবুল কালাম জানান, আগে এ সড়কপথে লাগত ৫০ মিনিট, এখন লাগে আড়াই ঘণ্টা।এ ব্যাপারে লক্ষ্মীপুর সওজের নির্বাহী প্রকৌশলী মুজিবুর রহমান মোল্লা জানান, সড়কটি সংস্কারের জন্য প্রধান নির্বাহী প্রকৌশলীকে লিখিতভাবে অবহিত করা হয়েছে।