লক্ষ্মীপুর ও খুলনায় মাহ্ফুজ আনামের বিরুদ্ধে মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইংরেজি দৈনিক ডেইলি স্টার-এর সম্পাদক মাহ্ফুজ আনামের বিরুদ্ধে লক্ষ্মীপুর ও খুলনায় দুটি মামলা হয়েছে। মানহানির অভিযোগ করে গতকাল মঙ্গলবার আদালতে মামলা দুটি করেছেন ছাত্রলীগের দুই নেতা।
উভয় মামলাতেই এক-এগারো-পরবর্তী সময়ে গোয়েন্দা সংস্থার দেওয়া তথ্য যাচাই না করে আওয়ামী লীগের তৎকালীন সভানেত্রী ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মানহানিকর সংবাদ প্রকাশের অভিযোগ আনা হয়েছে।
লক্ষ্মীপুরের অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম আদালতে ৫০ কোটি টাকার মানহানির মামলাটি করেছেন জেলা ছাত্রলীগের সভাপতি চৌধুরী মাহমুদুন্নবী সোহেল। বাদীর আইনজীবী রাসেল মাহমুদ ভূঁইয়া জানান, বিচারক ফারজানা আক্তার বাদীর জবানবন্দি গ্রহণ করে অভিযোগের সমর্থনে ২০০৭ সালে ডেইলি স্টার পত্রিকায় প্রকাশিত খবরের কপি আদালতে জমা দিতে বাদীকে নির্দেশ দেন। পরবর্তী সময়ে মামলাটি আদেশের জন্য রাখা হয়েছে।
মামলার বাদী ছাত্রলীগের নেতা মাহমুদুন্নবী বলেন, এক-এগারো-পরবর্তী দিনগুলোতে বিবাদী ডিজিএফআইয়ের তথ্য যাচাই না করে শেখ হাসিনার বিরুদ্ধে বিভ্রান্তিমূলক ও মানহানিকর সংবাদ প্রকাশ করেন।
খুলনায় মাহ্ফুজ আনামের বিরুদ্ধে এক কোটি টাকার মানহানির অভিযোগে মুখ্য মহানগর হাকিম আমলি আদালত ‘ক’ অঞ্চলে মামলাটি করেছেন জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান। আরজিতে বলা হয়, ২০০৮ সালের তত্ত্বাবধায়ক সরকারের সময় বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে ডিজিএফআইয়ের সরবরাহ করা দুর্নীতির মিথ্যা তথ্যের ভিত্তিতে প্রতিবেদন প্রকাশ করে ডেইলি স্টার। ইতিমধ্যে মাহ্ফুজ আনাম তা স্বীকারও করেছেন। ওই সব প্রতিবেদনের কারণে শেখ হাসিনাকে দীর্ঘদিন কারাভোগসহ সামাজিকভাবে হেয়প্রতিপন্ন ও নানাভাবে হয়রানির স্বীকার হতে হয়। এতে বাদী ও তাঁর সংগঠন ছাত্রলীগের এক কোটি টাকার মানহানি হয়েছে।
বাদীপক্ষের আইনজীবী মো. শাহ আলম জানান, মামলাটি আমলে নিয়ে বিচারক ফারুক ইকবাল আগামী ৩ মার্চ মামলার পরবর্তী তারিখ ঘোষণা করেছেন। এর আগে ১ মার্চ খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে এ ব্যাপারে একটি প্রতিবেদন দিতে বলা হয়েছে।
বিবিসিকে তথ্যমন্ত্রী: মাহ্ফুজ আনামের বিরুদ্ধে মামলাকে সরকার কীভাবে দেখছে—গতকাল বিবিসি বাংলার করা এমন প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেন, সরকার কোনো মামলা করেনি। কোনো ব্যক্তি করেছেন। এ ব্যাপারে সরকার কোনো আনুষ্ঠানিক ভাষ্য দেয়নি।
তথ্যমন্ত্রী বলেন, ‘সম্পাদক মাহ্ফুজ আনাম স্বীকারোক্তির মধ্য দিয়ে আধা সামরিক সরকারের আমলের ওই ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন। যাঁরা চাপের কাছে নতি স্বীকার করেছেন, অনৈতিক কাজ করেছেন এবং স্বীকারোক্তির মধ্য দিয়ে ক্ষমা চান ও ভুল বুঝতে পারেন, তা সাহসের কাজ। সে দিক থেকে মাহ্ফুজ আনামকে সাহসী উক্তির জন্য প্রশংসা করছি।’
যেসব তথ্যের কারণে মানহানি হয়েছে বলে প্রশ্ন উঠেছে, যাঁরা এসব সরবরাহ করেছেন, তাঁদের বিরুদ্ধে কী ব্যবস্থা হচ্ছে—এ প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী বলেন, ‘কথাটা হচ্ছে আপনি মানহানিকর কিছু ভাবলেন, চিন্তা করলেন, কিন্তু যতক্ষণ না তা প্রকাশ করছেন, জনগণ না জানছে, ততক্ষণ তো সে ব্যাপারে কেউ ভূমিকা রাখতে পারে না। দায়টা আসছে পত্রিকার সম্পাদকের কাছে, যিনি প্রকাশ করেছেন।’
এদিকে গণমাধ্যম ব্যক্তিত্ব মুহাম্মদ জাহাঙ্গীর এ মামলার প্রতিক্রিয়ায় বিবিসি বাংলাকে বলেন, সামরিক বা আধা সামরিক শাসনের সময় বন্দুকের নলের মুখে গণমাধ্যম স্বাধীনভাবে কাজ করতে পারে না। এই বাস্তবতা উপেক্ষা করে মাহ্ফুজ আনামকে নিয়ে এখন যা করা হচ্ছে তা উদ্দেশ্যমূলক।
মুহাম্মদ জাহাঙ্গীর আরও বলেন, ‘যাঁরা অভিযোগ করছেন যে ডিজিএফআইয়ের পাঠানো রিপোর্ট ডেইলি স্টার ছাপিয়ে একটা ঘোরতর অন্যায় করেছে; কেউ কেউ বলছেন দেশদ্রোহিতা করেছে; তাঁর বিচার হতে হবে; তাঁকে জেলে দিতে হবে; তিনি সম্পাদক থাকতে পারবেন না—এমন দাবি একজন করতেই পারেন। কিন্তু একজনও বলছেন না, সেই ডিজিএফআইয়ের প্রধানের বিচার হওয়া উচিত; যিনি রিপোর্টগুলো তৈরি করেছেন। সব কাগজে পাঠিয়েছেন।’
মুহাম্মদ জাহাঙ্গীর বলেন, ‘আরও ইন্টারেস্টিং (কৌতূহলকর) বিষয় হচ্ছে, যে ওয়ান-ইলেভেনের সঙ্গে পুরো ব্যাপারটা জড়িত, সেই ওয়ান ইলেভেনের নেতারা, কুশীলব, নায়ক, নীতিনির্ধারক কারও বিচার তাঁরা দাবি করছেন না। আজ আওয়ামী লীগ এত বছর ক্ষমতায়, কিন্তু আওয়ামী লীগ সরকার ওয়ান ইলেভেনের কারও বিরুদ্ধে কোনো মামলা করেছে কি না, তা নিয়ে প্রশ্ন আছে।’ জাহাঙ্গীর বলেন, তাঁর জানামতে কোনো মামলা হয়নি।