লক্ষ্মীপুর ও চাঁদপুরে হরতাল ভাঙচুর-অবরোধ-বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লক্ষ্মীপুর ও চাঁদপুরে গত রোববার পুলিশের গুলিতে বিএনপির নেতাসহ চারজন নিহত হওয়ার প্রতিবাদে উভয় জেলায় গতকাল সোমবার আধা বেলা হরতাল পালিত হয়েছে। বিএনপির ডাকে এই হরতাল পালিত হয়। হরতালের সময় লক্ষ্মীপুরে একটি যাত্রীবাহী বাসে হালকা ভাঙচুর হয়েছে। দুই জেলায় সড়ক অবরোধ ও বিক্ষোভ মিছিল হয়। লক্ষ্মীপুর: জেলা শহর ছাড়াও পাঁচটি উপজেলা সদরে গতকাল আধা বেলা হরতাল হয়েছে। হরতাল চলাকালে দূরপাল্লার কোনো গাড়ি চলাচল করতে দেখা যায়নি। অফিস-আদালতে উপস্থিতির সংখ্যা ছিল খুব কম। জেলা শহরে পুলিশের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল ভোরে রায়পুর বাস টার্মিনাল থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যাওয়া ইকোনো সার্ভিসের একটি বাস টিঅ্যান্ডটি অফিস সড়কের সামনে পৌঁছার পর হামলা চালায় হরতাল-সমর্থকেরা। তারা বাসটির সামনের ও পাশের কাচ ভেঙে ফেলে। তবে যাত্রীরা কেউ আহত হয়নি।সকাল নয়টার দিকে নিহত যুবদল নেতা মো. রুবেলের বাড়ির কাছে দালাল বাজারের রায়পুর-লক্ষ্মীপুর সড়কের বেড়িবাঁধ নামক স্থানে সড়ক অবরোধ করে এলাকাবাসী। এ সময় পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাঠিপেটা করলে মো. সোহেল (২৮), আমির হোসেন (৩০) ও সাইফুল ইসলাম (৩২) আহত হন। তাঁরা স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন। হরতাল-সমর্থকেরা রায়পুর-লক্ষ্মীপুর সড়কের বিভিন্ন স্থানে টায়ার পুড়িয়ে বিক্ষোভ করে। লক্ষ্মীপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহাব উদ্দিন বলেন, লক্ষ্মীপুরের মানুষ স্বতঃস্ফূর্তভাবে হরতাল পালন করেছে।লক্ষ্মীপুরে রোববার চারদলীয় জোটের গণমিছিলে পুলিশ গুলি চালালে দুজন নিহত হন। বিএনপির দাবি, নিহত মো. রুবেল যুবদলের নেতা ও আবুল কাসেম বিএনপির নেতা।চাঁদপুর: চাঁদপুরে বিএনপির ডাকা আধা বেলা হরতালের সময় কিছু শিক্ষাপ্রতিষ্ঠান খোলা থাকলেও অধিকাংশ দোকানপাট ও অফিস বন্ধ ছিল। শহরে ভারী যানবাহন চলাচল করেনি। জেলার অভ্যন্তরীণ সব সড়কপথেও বেলা সাড়ে ১১টা পর্যন্ত ভারী যানবাহন চলাচল বন্ধ ছিল। তবে লঞ্চ ও ট্রেন চলাচল স্বাভাবিক ছিল।প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ১০টার দিকে ছাত্রদলের কর্মীরা চাঁদপুর কলেজের সামনে টায়ারে আগুন জ্বেলে সড়কে যান চলাচল বন্ধ করে দেন। একই সময় জেলা প্রশাসক কার্যালয়ের সামনে চাঁদপুর-কুমিল্লা সড়কে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সড়ক অবরোধ করে বিক্ষোভ করে। এ ছাড়া, চাঁদপুর সরকারি কলেজ এলাকায় বিক্ষোভ মিছিল করেন ছাত্রদলের নেতা-কর্মীরা। জেলা বিএনপির সভাপতি মমিনুল হক ও সাধারণ সম্পাদক শেখ ফরিদ আহমেদের নেতৃত্বে দলীয় কার্যালয়ের সামনে, কালীবাড়ি ও বড় স্টেশন এলাকায় খণ্ড খণ্ড মিছিল হয়। এ সময় শহরের বিভিন্ন এলাকায় বিপুলসংখ্যক দাঙ্গা পুলিশ মোতায়েন ছিল।চাঁদপুরে রোববার পুলিশের গুলিতে আবুল হোসেন মৃধা ও লিমন ছৈয়াল নামের দুই রিকশাচালক নিহত হন। বিএনপির দাবি, নিহত দুজনই তাদের কর্মী।