লক্ষ্মীপুরের আওয়ামী লীগের বিতর্কিত নেতা ও পৌর মেয়র আবু তাহেরের ছেলে এ এইচ এম বিপ্লবের মৃত্যুদণ্ড মওকুফের প্রতিবাদে গতকাল বৃহস্পতিবার লক্ষ্মীপুর সদরসহ কয়েকটি উপজেলার বিভিন্ন স্থানে মানববন্ধন হয়েছে।বিএনপি ও এর অঙ্গসহযোগী সংগঠনের আয়োজিত এই মানববন্ধন কর্মসূচিতে দলীয় নেতা-কর্মী ছাড়াও বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ যোগ দেয়।এদিকে লক্ষ্মীপুর সদরের জকসিন বাজারে মানববন্ধনের সময় বিএনপির নেতা-কর্মীদের ওপর হামলা হয়েছে। বিএনপির অভিযোগ, মেয়র তাহেরের লোকজন এ হামলা চালায়। হামলায় বেশ কয়েকজন আহত হয়। লক্ষ্মীপুর সদর থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. তারেক জানান, হামলার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।লক্ষ্মীপুর জজ আদালতের সামনে গতকাল বেলা ১১টা থেকে ঘণ্টাব্যাপী মানববন্ধন হয়। একই সময় সদর উপজেলার চন্দ্রগঞ্জ, হাজিরপাড়া, মান্দারী, জকসিন বাজার ও ভবানীগঞ্জে এ কর্মসূচি পালিত হয়। শত শত মানুষ বিপ্লবের ফাঁসির দাবিতে ও তাঁর মৃত্যুদণ্ড মওকুফের প্রতিবাদে নানা রকমের পোস্টার, ব্যানার-ফেস্টুন নিয়ে মানববন্ধনে অংশ নেয়।মানববন্ধনে সংক্ষিপ্ত বক্তব্য দেন লক্ষ্মীপুর জেলা বিএনপির সভাপতি ও সাংসদ আবুল খায়ের ভূঁইয়া, স্থানীয় সাংসদ ও বিএনপির কেন্দ্রীয় নেতা শহীদ উদ্দিন চৌধুরী, জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাহাব উদ্দিন, সাংগঠনিক সম্পাদক হাসিবুর রহমান, লক্ষ্মীপুর আইনজীবী সমিতির সভাপতি সৈয়দ মোহাম্মদ শামছুল আলম প্রমুখ। আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক নুরুল হুদা পাটওয়ারী মানববন্ধনে হাজির হয়ে কর্মসূচির সঙ্গে একাত্মতা প্রকাশ করেন।আবুল খায়ের ভূঁইয়া বলেন, ‘বিএনপির নেতা নুরুল ইসলামকে হত্যার দায়ে আদালত খুনি বিপ্লবের মৃত্যুদণ্ড দেন। রাষ্ট্রপতি বিপ্লবকে ক্ষমা করে দিয়ে লক্ষ্মীপুরবাসীকে আহত করেছেন।’ তিনি রাষ্ট্রপতির এই সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি জানান।শহীদ উদ্দিন চৌধুরী বলেন, ‘আমরা খুনি বিপ্লবের মৃত্যুদণ্ড মওকুফের সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য সরকারের দৃষ্টি আকর্ষণ করছি।’নোয়াখালী অফিস: বিপ্লবের সাজা মওকুফের প্রতিবাদে নোয়াখালীতে মানববন্ধন করেছে বিএনপি। জেলা বিএনপির উদ্যোগে বেগমগঞ্জের চৌরাস্তায় এবং চৌমুহনী পৌর বিএনপির উদ্যোগে চৌমুহনীর প্রধান সড়কে গতকাল বেলা ১১টা থেকে ঘণ্টাব্যাপী এই মানববন্ধন হয়। বেগমগঞ্জে চৌরাস্তায় মানববন্ধন শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় নেতা মোহাম্মদ শাহজাহান, বরকত উল্লা প্রমুখ।