লক্ষ্মীপুর কারাগারে হাজতির মৃত্যু একজনঅসুস্থ
লক্ষ্মীপুর জেলা কারাগারে গতকাল রোববার সকালে অস্ত্র মামলার আসামি মো. সুমনের (২৮) মৃত্যু ও অপর এক আসামির অসুস্থ হওয়ার খবর পাওয়া গেছে।
সদর হাসপাতাল সূত্রে জানা যায়, দত্তপাড়া ইউনিয়নের সৈয়দপুর গ্রামের আবুল হোসেনের ছেলে মো. সুমন (২৮) কারাগারে থাকা অবস্থায় গতকাল রোববার সকালে গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাঁকে সাময়িক চিকিৎসা দিয়ে লক্ষ্মীপুর সদর হাসপাতালে আনা হয়। সেখানে কর্তব্যরত ডাক্তার মো. শোয়েব সুমনকে মৃত ঘোষণা করেন। এদিকে অপর হাজতি মো. আজাদ হোসেনের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে কারাগার থেকে সদর হাসপাতালে ভর্তি করা হয়।
জেলা সিভিল সার্জন ডা. আবদুল্লা জানান, সুমন কারাগারে হূদেরাগে আক্রান্ত হয়ে মারা যান। তবে অপর হাজতির শারীরিক অবস্থা সম্পর্কে তিনি অবহিত নন। গত ১৫ মে সদর উপজেলার পশ্চিম জামিরতলী গ্রামে আধিপত্য বিস্তার কেন্দ্র করে দত্তপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নূর হোসেন শামিম, দিঘলী বিএনপির যুগ্ন সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বাবুলের মধ্যে বন্দুকযুদ্ধ হয়। এ সময় ইউপি চেয়ারম্যান নূর হোসেন শামিমসহ মোট তিনজন নিহত হন। পরে পুলিশ ঘটনালস্থল থেকে আহত শামিমের সাত সহযোগীকে অস্ত্রসহ আটক করে। তাঁদের মধ্যে মো. সুমন গতকাল মারা যান।