লক্ষ্মীপুর কারাগারের জেলারের বিরুদ্ধে আদালতে মামলা
লক্ষ্মীপুর জেলা কারাগারের জেলার মো. শরিফুল ইসলামের বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগে গতকাল বৃহস্পতিবার দুপুরে আদালতে মামলা হয়েছে। সিনিয়র স্পেশাল জজ আদালতে মামলাটি করেন সদ্য জামিনে মুক্তি পাওয়া এক মামলার আসামি। তাঁর নাম মো. আলাউদ্দিন। তাঁর বাড়ি জেলার রায়পুর উপজেলার দক্ষিণ রায়পুর গ্রামে।
আদালত সূত্র জানায়, সিনিয়র স্পেশাল জজ আদালতের বিচারক এ কে এম আবুল কাশেম মামলাটি আমলে নিয়ে দুর্নীতি দমন (দুদক) নোয়াখালী আঞ্চলিক কার্যালয়ের উপপরিচালককে তদন্তের নির্দেশ দেন।
এ বিষয়ে লক্ষ্মীপুর জেলা কারাগারের জেলার মো. শরিফুল ইসলাম প্রথম আলোকে বলে, তাঁর বিরুদ্ধে ঘুষ ও দুর্নীতির যে অভিযোগ করা হয়েছে, তা সত্য নয়। তিনি লক্ষ্মীপুর জেলা কারাগারে জেলার হিসেবে যোগদানের পর থেকে কারাগারের ভেতরে অবৈধ সুবিধা ও অনিয়ম বন্ধের ব্যাপারে কাজ করেছেন।
একটি অশুভ মহল তাঁকে হেয়প্রতিপন্ন করার জন্য মিথ্যা মামলা করেছে বলে দাবি করেন লক্ষ্মীপুর জেলা কারাগারের জেলার মো. শরিফুল ইসলাম।