লক্ষ্মীপুর থেকে অপহৃত শিশু কুমিল্লায় উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লক্ষ্মীপুর সদর উপজেলার মান্দারী ইউনিয়নের গন্ধব্যপুর গ্রাম থেকে অপহৃত আড়াই মাসের শিশু ফারজানাকে গতকাল মঙ্গলবার ভোরে কুমিল্লা থেকে উদ্ধার করা হয়েছে। অপহরণের অভিযোগে মাহিনুর আক্তার রুমি (২৭) নামের এক নারীকে গ্রেপ্তার করা হয়েছে।
চন্দ্রগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) পুষ্পবরণ চাকমা জানান, মুঠোফোন ট্র্যাকিংয়ের মাধ্যমে অবস্থান শনাক্ত করে কুমিল্লার চৌদ্দগ্রামের দক্ষিণ প্রতাপপুর গ্রামের একটি বাড়িতে মঙ্গলবার ভোরে অভিযান চালানো হয়। এ সময় শিশু ফারজানাকে উদ্ধার ও অপহরণকারী মাহিনুর আক্তারকে গ্রেপ্তার করা হয়। মাহিনুর লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার তোরাবগঞ্জ গ্রামের মো. নোমানের স্ত্রী।
পুলিশ জানায়, গত ১৯ জুন গন্ধব্যপুর গ্রামের ইব্রাহিম খলিলের মেয়ে ফারজানাকে অপহরণ করা হয়। এ ঘটনায় ইব্রাহিম খলিল চন্দ্রগঞ্জ থানায় মামলা করেন।
চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আজিজুর রহমান মিয়া জানান, উদ্ধার করা শিশু ফারজানাকে গতকাল আদালতের মাধ্যমে তার মা-বাবার কাছে হস্তান্তর করা হয়েছে।