লক্ষ্মীপুর দত্তপাড়ায় একজনকে জবাই করে হত্যা
লক্ষ্মীপুর সদর উপজেলার দত্তপাড়া ইউনিয়নের পূর্ব করইতোলা গ্রাম থেকে মো. হাবিব নামে এক যুবকের লাশ গতকাল রোববার দুপুরে পুলিশ উদ্ধার করেছে। তাঁকে জবাই করে নৃশংসভাবে খুন করেছে দুর্বৃত্তরা। মো. হাবিব দত্তপাড়া ইউনিয়নের পশ্চিম বটতলী গ্রামের রেনু মিয়ার পুত্র। স্থানীয় এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, গত শনিবার রাতে হাবিব মান্দারী বাজারে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হন। রাতে আর বাড়ি ফেরেননি।গতকাল দুপুর ১২টার দিকে এলাকাবাসী পূর্ব করইতোলা গ্রামের প্রবাসী বেলালের নির্মাণাধীন ভবনের পেছনের বাগানে লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়।এলাকার একাধিক লোক নাম প্রকাশ না করার শর্তে জানায়, হাবিব চুরি, ডাকাতি, খুনসহ বিভিন্ন অপরাধে জড়িত ছিলেন। সম্ভবত তাঁর ঘনিষ্ঠ লোকজন তাঁকে হত্যা করেছে। অপরদিকে তাঁর স্ত্রী নুর জাহান বেগম জানান, স্থানীয় রবি, রাজুসহ অনেকের সঙ্গে হাবিবের বিরোধ ছিল। তারাই হাবিবকে খুন করেছে। দত্তপাড়া তদন্তকেন্দ্রের ইনচার্জ এসআই জাকির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে দুপুরে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে। লক্ষ্মীপুর সহকারী পুলিশ সুপার কাজী হেলাল উদ্দিন ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি সাংবাদিকদের বলেন, হত্যাকাণ্ডটি পরিকল্পিত বলে মনে হচ্ছে।