লক্ষ্মীপুর পৌর শহরে পানির তীব্র সংকট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লক্ষ্মীপুর পৌরসভার ১০ নম্বর ওয়ার্ডের আমজাদ পাটোয়ারী বাড়ির বাসিন্দা মো. নুরুল ইসলাম। গতকাল সোমবার এসেছিলেন পৌর কার্যালয়ে। তবে পানির সংযোগ পেতে নয়, বিচ্ছিন্ন করার আরজি নিয়ে।
সেনাবাহিনীতে কর্মরত নুরুল ইসলাম বললেন, নিয়মিত পানির বিল পরিশোধ করছেন তিনি। কিন্তু নিয়মিত পানি পাচ্ছেন না। তাই পানির লাইন বিচ্ছিন্ন করার আবেদন তিনি পৌরসভার সংশ্লিষ্ট শাখায় জমা দিয়ে গেলেন।
লক্ষ্মীপুর পৌর শহরে কয়েক দিন ধরে পানির তীব্র সংকট দেখা দিয়েছে। বিল পরিশোধ করেও পানি না পাওয়ায় গ্রাহকদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে। নুরুল ইসলামের মতো কেউ কেউ ক্ষুব্ধ হয়ে পানির সংযোগ কেটে দিতে আবেদন করছেন।
সরেজমিনে গতকাল পৌরসভার ১০, ১১, ৬, ৭ ও ৮ নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকা ঘুরেছেন এ প্রতিবেদক। এ সময় গ্রাহকদের সঙ্গে কথা বলে জানা গেছে, মাসখানেক ধরে তাঁরা পানির সংকটে রয়েছেন। কয়েক দিন ধরে তা তীব্র আকার ধারণ করেছে। এখন এসব এলাকার লাইনে ঠিকমতো পানি আসছে না। পৌরসভার অন্য সাতটি ওয়ার্ডেও একই অবস্থা বিরাজ করছে বলে খোঁজ নিয়ে জানা গেছে। নারীদের ঘরকন্নার কাজও সমাধা করতে হচ্ছে বাইরে থেকে কষ্ট করে পানি এনে।
নাম প্রকাশ না করার শর্তে পাঁচ-ছয়জন গ্রাহক বলেন, লক্ষ্মীপুর পৌরসভার মেয়র মো. আবু তাহের পৌরসভায় ভালো কাজ করছেন। তাই পানির সমস্যা নিয়ে গ্রাহকেরা তেমন সোচ্চার হচ্ছেন না। অনেকে বাধ্য হয়ে পানির সংযোগ বন্ধ রেখেছেন। অন্যরা নলকূপ বসিয়ে সমস্যার সমাধান করছেন।
১১ নম্বর ওয়ার্ডের খাদ্যগুদাম এলাকার বাসিন্দা স্কুলশিক্ষিকা শামছুন নাহার বলেন, এক মাস ধরে পানির লাইনে নিয়মিত পানি আসে না। দুই দিন ধরে পানি সরবরাহ বন্ধ রয়েছে। নলকূপের পানি দিয়ে নিত্যপ্রয়োজনীয় কাজ করতে হচ্ছে।
৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মো. রতন বলেন, এলাকায় বর্তমানে পানির জন্য হাহাকার চলছে। সংশ্লিষ্ট কার্যালয়ে অভিযোগ করা হলে কর্মকর্তারা বলছেন, বিদ্যুতের ভোল্টেজ সমস্যার কারণে ট্যাংকে পানি তুলতে পারছেন না তাঁরা।
লক্ষ্মীপুর পৌরসভা কার্যালয় সূত্রে জানা গেছে, পুরো পৌর এলাকার মধ্যে ৭, ৪ ও ১২ নম্বর ওয়ার্ডে তিনটি পানির ট্যাংক রয়েছে, যা গ্রাহকদের চাহিদার তুলনায় কম। বর্তমানে সাড়ে তিন হাজার গ্রাহক রয়েছেন। এর মধ্যে পাঁচ হাজার উপসংযোগ রয়েছে। এর বাইরে পানির সংযোগ পেতে নতুন আবেদন জমা পড়েছে আরও ২০০টি। ওই তিনটি ট্যাংকের মাধ্যমে এত গ্রাহকের পানির চাহিদার অর্ধেকও পূরণ হয় না। আর বর্তমানে পরিস্থিতি আরও নাজুক হয়েছে বিদ্যুতের সমস্যার কারণে। লো-ভোল্টেজের কারণে ট্যাংকে পানি তোলা যাচ্ছে না। ফলে পৌরবাসীকে ঠিকমতো পানি সরবরাহ করা সম্ভব হচ্ছে না।
পৌরসভার পানি শাখার প্রকৌশলী এ কে এম শামছু উদ্দিন বলেন, লো-ভোল্টেজের কারণে গত ১৫ দিনে তাঁদের দুটি ট্রান্সফরমার ও দুটি মোটর পুড়ে গেছে। এতে পৌরসভার প্রায় ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে। বিদ্যুতের সমস্যার সমাধান হলে পানি সরবরাহে সমস্যা থাকবে না।