লক্ষ্মীপুর পৌরসভার ছয় ওয়ার্ডে তীব্র পানি সংকট
লক্ষ্মীপুর পৌরসভার ১ থেকে ৬ নম্বর ওয়ার্ডের প্রায় দুই হাজার গ্রাহক ২১ দিন ধরে পানি পাচ্ছেন না। এতে সাধারণ মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।
লক্ষ্মীপুর পৌরসভা সূত্র জানায়, ২০০৮ সালে প্রায় দুই কোটি টাকা ব্যয়ে লক্ষ্মীপুর শহরের বাস টার্মিনাল এলাকায় চার লাখ লিটার ধারণ ক্ষমতার একটি পানির ট্যাংক নির্মাণ করা হয়। গত ১১ নভেম্বর ট্যাংকে পানি তোলার দুটি টিউবওয়েল বিকল হয়ে যায়। এতে ট্যাংকে পানি তোলা সম্ভব হচ্ছে না। এ কারণে পৌরসভার ছয়টি ওয়ার্ডে পানি সরবরাহ বন্ধ রয়েছে।
বাস টার্মিনাল ও বিসিক শিল্পনগরসহ বিভিন্ন সরকারি-বেসরকারি কার্যালয় ও বাসাবাড়িতে পানি না থাকায় দুর্ভোগ পোহাচ্ছে সাধারণ মানুষ।
পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের একটি ভবনের মালিক ইউছুফ জামান বলেন, গত ১১ নভেম্বর থেকে তাঁর বাড়িতে পৌরসভার সরবরাহ করা পানি পাওয়া যাচ্ছে না। অনেক দূর থেকে পানি এনে কোনো রকমে দিন কাটছে তাঁদের।
৬ নম্বর ওয়ার্ডের একটি বাড়ির বাসিন্দা ও শিক্ষিকা মনিকা দাস বলেন, অনেক দূর থেকে পানি এনে রান্নাবান্নাসহ অন্যান্য কাজকর্ম করতে হচ্ছে তাঁদের।
৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর কাজী হেলাল উদ্দিন, ৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আবদুস সহিদ ও ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুজায়েত উল্যা বলেন, পানি সরবরাহ বন্ধ থাকায় পৌরসভার বাসিন্দারা কষ্টে আছে। নষ্ট টিউবওয়েল ঠিক করার জন্য কাজ চলছে।
লক্ষ্মীপুর পৌরসভার পানি শাখার প্রকৌশলী এ কে এম সামছু উদ্দিন গত বৃহস্পতিবার প্রথম আলোকে বলেন, ২০-২৫ দিনের মধ্যে এ সমস্যার সমাধান হবে বলে তিনি আশা করছেন।