লক্ষ্মীপুর-রামগতি সড়ক সংস্কারের দাবিতে বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সংস্কারের দাবিতে গতকাল সোমবার লক্ষ্মীপুর-রামগতি সড়ক অবরোধ করে স্থানীয় জনতা। সদর উপজেলার মিয়া রাস্তার মাথায় সকাল আটটা থেকে গাছ ফেলে ও টায়ার জ্বালিয়ে লোকজন বিক্ষোভ করতে থাকলে ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে জেলা প্রশাসক এবং সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তরের কর্মকর্তারা সড়কটি সংস্কারের ব্যাপারে মন্ত্রণালয়ে পাঠানো চিঠি দেখালে বিকেল সাড়ে চারটার দিকে অবরোধ তুলে নেওয়া হয়।প্রত্যক্ষদর্শীদের অনেকে জানান, অবরোধের কারণে দুই পাশে বেশ কিছু যান আটকা পড়ে। এতে যাত্রীরা দুর্ভোগে পড়ে। স্কুলছাত্র ইব্রাহিম জানায়, রাস্তাটি দীর্ঘদিন সংস্কার না করায় সৃষ্ট অসংখ্য গর্তে প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছে।এদিকে অবরোধের সঙ্গে একাত্মতা ঘোষণা করেন বাস ও শ্রমিক ইউনিয়নের সদস্যরা। বাসচালক মো. মাহফুজ জানান, সড়কটির বেহাল অবস্থার কারণে সপ্তাহে প্রায় শতাধিক গাড়ি নষ্ট হচ্ছে। প্রতি মাসে মালিকপক্ষকে লোকসান গুনতে হচ্ছে। বাসের কর্মচারী শাহ আলম জানান, রাস্তা খারাপ হওয়ায় এক ঘণ্টা ২০ মিনিটের পথ যেতে সময় লাগে সাড়ে তিন ঘণ্টা। প্রতিদিনই গাড়ির যন্ত্রাংশে বিভিন্ন ধরনের সমস্যা দেখা দেয়।সওজ অধিদপ্তর সূত্রে জানা গেছে, রামগতি-লক্ষ্মীপুর ৫২ কিলোমিটার সড়কটি সংস্কারের জন্য ২০ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়। কিন্তু দরপত্র-জটিলতার কারণে সংস্কারের কাজ শুরু করা সম্ভব হচ্ছে না। আগামী বছরের জুনে এ প্রকল্পের কাজ শেষ করার কথা, কিন্তু এখনো শুরু হয়নি। সড়কের কার্পেটিং ও পাথর উঠে গিয়ে অনেক গর্তের সৃষ্টি হয়। এ কারণে রামগতি ও কমলনগর উপজেলার সঙ্গে লক্ষ্মীপুর শহরের যোগাযোগব্যবস্থা প্রায় ভেঙে পড়েছে।জেলা প্রশাসক এ কে এম মিজানুর রহমান জানান, লক্ষ্মীপুর-রামগতি সড়কের বিষয়টি সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে জানানো হয়েছে। অবরোধের বিষয়টিও কর্তৃপক্ষকে জানানো হয়েছে।লক্ষ্মীপুর সওজ অধিদপ্তরের অতিরিক্ত দায়িত্বে থাকা নির্বাহী প্রকৌশলী শ্যামল কুমার ভট্টাচার্য জানান, রামগতি-লক্ষ্মীপুর সড়কটি সংস্কারের জন্য অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মন্ত্রণালয়ে চিঠি লিখেছেন। সেই চিঠি দেখানো হলে জনতা অবরোধ প্রত্যাহার করে নেয়।